ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বর্বর আগ্রাসন ও ভারতের গুজরাটে মুসলিম নিধনের প্রতিবাদে খাগড়াছড়ির মাটিরাঙায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ মার্চ) বিকেল তিনটার দিকে মাটিরাঙা কেন্দ্রীয় জামে মসজিদ থেকে সর্বস্তরের জনতার ব্যানারে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। এতে বিভিন্ন ইসলামী সংগঠন, মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষার্থী ও স্থানীয় জনসাধারণ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন গুমতি শাহে মসজিদের সম্মানিত ঈমাম ও খতিব হযরত মাওলানা শামিম হোসেন ফারুকী, মাওলানা আক্তারুজ্জামান ফারুকী এবং কাজীপাড়া জামে মসজিদের সম্মানিত ঈমাম ও খতিব মুফতী আলমগীর হোসেন।
বক্তারা গাজায় ইসরায়েলের চলমান হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, পবিত্র রমজান মাসেও নারী ও শিশুর ওপর হামলা চালানো হচ্ছে, অথচ বিশ্ব শক্তিগুলো নীরব ভূমিকা পালন করছে। তারা মুসলিম বিশ্বনেতাদের দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানান এবং গাজার নিরীহ জনগণের পাশে দাঁড়ানোর জন্য বিশ্ব মুসলিম সম্প্রদায়কে একত্রিত হওয়ার আহ্বান জানান।
একইসঙ্গে গুজরাটে এক হিন্দু পুরোহিতের মুসলিম নিধনের হুমকির বিরুদ্ধেও কড়া প্রতিক্রিয়া জানানো হয়। মানববন্ধন থেকে বলা হয়, সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানো বন্ধ করতে হবে এবং উসকানিমূলক বক্তব্য দিয়ে অস্থিরতা সৃষ্টি করা যাবে না।
এসময় উপস্থিত ছিলেন, মাটিরাঙা কওমি ওয়ালামা ঐক্য পরিষদ,বিভিন্ন মসজিদের ঈমাম,মাদ্রাসার শিক্ষার্থী, ইকরা ওয়েলফেয়ার ফাউন্ডেশন, বন্ধু জুনিয়র,মাটিরাঙা ইসলাম প্রচার সংস্থাসহ সর্বস্হরের জনতা।
বায়ান্ন/প্রতিনিধি/একে