কুষ্টিয়া সদর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের জোতপাড়া এলাকায় এক বৃদ্ধ কে হত্যা করে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। নিহত ব্যক্তির নাম আতিয়ার খাঁ (৬৫)। তিনি পার্শ্ববর্তী উজানগ্রাম ইউনিয়নের শ্যামপুর দুর্বাচারা গ্রামের ঝাড়ু খাঁর ছেলে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে কাঞ্চনপুর ইউনিয়নের জোতপাড়া মাঠে রক্তাক্ত একটি লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশের খবর দেয়। পুলিশ এসে বৃদ্ধ আতিয়ার খাঁর রক্তাক্ত মৃত দেহ উদ্ধার করে। মৃত আতিয়ার খাঁ একই গ্রামে দীর্ঘদিন যাবত নানাবাড়িতে বসবাস করতেন বলে জানা গেছে।
কাঞ্চনপুর ইউনিয়নের চেয়ারম্যান আনিসুর রহমান ঝন্টু হত্যাকাণ্ডের তথ্য নিশ্চিত করে বলেন, সকালে স্থানীয় মানুষ ফসলের মাঠে কাজে গিয়ে আতিয়ার খাঁর ক্ষতবিক্ষত রক্তাক্ত লাশ দেখতে পাই। তার শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের কোপের দাগ আছে। ঘটনাটি ঘটে আতিয়ার খাঁর বসত বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে। তবে কে বা কাহারা নৃশংস এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনো জানা যায়নি।
স্থানীয়রা জানান, ভোরে কৃষিকাজের জন্য মাঠে গেলে তারা আতিয়ারের নিথর দেহ দেখতে পান। বিষয়টি দ্রুত থানা পুলিশকে জানানো হলে, পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠায়।
কুষ্টিয়া জেলা পুলিশ সুপার মিজানুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকান্ড ঘটে থাকতে পারে। এখনো কোনো আসামিকে গ্রেফতার করা যায়নি। মামলা হলে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। এছাড় ময়নাতদন্তের রিপোর্ট আসলে বিস্তারিত বলা যাবে।