দেশের খবর

কুষ্টিয়ায় বিএনপি নেতার নামে সংবাদ পরিবেশন করায় মানববন্ধন

কুষ্টিয়া জেলা বিএনপির সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক ও এন.এস রোড দোকান মালিক কল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা কাজল মাজমাদারের বিরুদ্ধে জাতীয় একটি পত্রিকায় সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন করেছে জেলার সাধারণ ব্যবসায়ীরা।

১১ মার্চ দুপুরে কুষ্টিয়া প্রেসক্লাবের সামনে এন.এস রোড দোকান মালিক কল্যাণ সমিতির আয়োজনে অনুষ্ঠিত এই মানববন্ধন কর্মসূচিতে ব্যবসায়ী নেতৃবৃন্দরা সহ কয়েকশ সাধারণ ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন।

এসময় মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা বলেন, কুষ্টিয়া জেলা বিএনপির অকুতোভয় সৈনিক কাজল মাজমাদার। দীর্ঘ ১৭ বছরের আন্দোলন সংগ্রামে তিনি ছিলেন প্রথম সারির যোদ্ধা। একজন ব্যবসায়ী নেতা হিসেবেও তার যথেষ্ট সুনাম রয়েছে। স্থানীয় ব্যবসায়ীদের ভরসার আশ্রয়স্থল তিনি। নিজের পরিবার মনে করে ব্যবসায়ীদের বিপদে আপদে বটবৃক্ষের মতো ছায়া হয়ে দাঁড়ান কাজল মাজমাদার। এমন একজন মানুষকে নিয়ে মিথ্যাচার করা হলে সেটা কখনোই মেনে নেবে না ব্যবসায়ী সমাজ।

বক্তারা আরো বলেন, গত ১০ মার্চ ২০২৫ ইং তারিখে দৈনিক দেশ রূপান্তর পত্রিকার প্রিন্ট ও অনলাইন ভার্সনে কাজল মাজমাদারের অপরাধের ‘মজমা’ শীর্ষক যে সংবাদ প্রকাশিত হয়েছে সেটা কাল্পনিক ও মনগড়া। যার সাথে বাস্তবতার ছিটেফোঁটাও মিল নেই। কাজল মাজমাদার ৫ আগষ্টের পরের নেতা নয়। তিনি আগেও ছিলেন, এখনও আছেন। কাজল মাজমাদার গণ মানুষের নেতা। প্রকাশিত ঐ সংবাদে তার বিরুদ্ধে যে সকল অভিযোগ আনা হয়েছে তার কোন নির্ভরযোগ্য সূত্র ও দালিলিক প্রমাণ প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। প্রতিবেদক মনগড়া তথ্য দিয়ে সংবাদটি প্রকাশ করেছেন। যা আদেও আমাদের কাম্য নয়।

ব্যবসায়ীরা বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। তারা দেশ ও দশের কল্যাণে সবসময় সঠিক তথ্য জাতির সামনে উপস্থাপন করবেন। সকল অন্যায়, দুর্নীতি, অপকর্মের বিরুদ্ধে তারা হবেন বলিষ্ঠ কণ্ঠস্বর। তবে মনগড়া সংবাদ আমাদের কারোর কাম্য নয়। ইতিপূর্বে আমরা দেখেছি আওয়ামী লীগের শাসনামলে পক্ষপাতদুষ্ট গণমাধ্যম। সেই গণমাধ্যম আমরা আর চাই না। সংবাদ পরিবেশে সবাইকে সতর্কতা অবলম্বন করতে অনুরোধ করেন।

ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে এন.এস রোড দোকান মালিক কল্যাণ সমিতির সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মোকসেদুল হক কল্লোল'র সঞ্চালনায় বক্তব্য রাখেন- সমিতির উপদেষ্টা মেসবাহুর রহমান পিন্টু, উপদেষ্টা মিরাজুল ইসলাম রিন্টু, সাধারণ সম্পাদক মকবুল হোসেনসহ দোকান মালিক কল্যাণ সমিতির একাধিক নেতৃবৃন্দ ও সাধারণ ব্যবসায়ীরা।



সম্পর্কিত খবর