কুমিল্লার চান্দিনার হারং গ্রামে মানবিকতা ও শিক্ষার আলো ছড়িয়ে পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে “আব্দুল জলিল সরকার স্মৃতি ট্রাস্ট”। শনিবার (১৯ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত দিনব্যাপী আয়োজনে ছিল মাহবুবুল হক সরকার মেধা বৃত্তি ২০২৪ প্রদান, সেলাই প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ এবং সমাজ উন্নয়নমূলক বিভিন্ন আলোচনা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাস্টের সহ-সভাপতি ড. মমিনুল হক সরকার। প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক ও হারং গ্রামের কৃতি সন্তান ড. মোঃ আনোয়ার হোসেন ভূঁঞা।
তিনি বলেন, “ট্রাস্টের প্রতিষ্ঠাতা মরহুম মাহবুবুল হক সরকার ক্যানসারে আক্রান্ত হয়েও অসহায় মানুষের পাশে দাঁড়াতে চেয়েছিলেন। নিজের জমি ও অর্থ ব্যয়ে শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান ও কর্মসংস্থানের লক্ষ্যে এই ট্রাস্ট গড়ে তোলেন। তাঁর এ মহৎ উদ্যোগ আজ এলাকার আলোকবর্তিকা হয়ে দাঁড়িয়েছে।”
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অর্থ মন্ত্রণালয়ের উপ-সচিব মো. সফিউল আলম, চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজের অধ্যক্ষ মো. মনিরুল ইসলাম ভূঁঞা, রাজউক উত্তরা মডেল কলেজের উপাধ্যক্ষ নাছিমুন্নাহার ও সাবেক শিক্ষা পরামর্শক অহিদুল আলম খান।
স্বাগত বক্তব্য দেন ট্রাস্টের সেক্রেটারি এবং বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক শামসুন্নাহার। সঞ্চালনায় ছিলেন পেইজ এরিয়া ম্যানেজার মো. আসাদুজ্জামান সরকার।
আয়োজনে কোরআন তেলাওয়াত, সাংস্কৃতিক পরিবেশনা, বিকাল পাঠশালার শিক্ষার্থীদের অংশগ্রহণ ও প্রশিক্ষণার্থীদের দক্ষতা প্রদর্শনের মধ্য দিয়ে ট্রাস্টের কার্যক্রমের সার্বিক সাফল্য তুলে ধরা হয়।
বায়ান্ন/একে