সিলেট

চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন, ট্রাক্টরসহ আটক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় অবৈধভাবে সিলিকা বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ট্রাক্টরসহ মো. সুজন নামে এক ব্যক্তিকে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় তাঁকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান ও তা আদায় করা হয়।

বুধবার (২০ অক্টোবর) রাত ৭টা ৪৫ মিনিটে উপজেলার মহিমাউড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তি উমরাজের ছেলে মো. সুজন বলে জানা গেছে।

অভিযানকালে ট্রাক্টরে সিলিকা বালু বহনের সময় তাঁকে আটক করা হয়। এ সময় তিনি জানান, পানছড়ি এলাকা থেকে সিলিকা বালু উত্তোলন করে নিয়ে যাচ্ছিলেন। কর্তৃপক্ষের অনুমতি ও ইজারা ছাড়া বালু উত্তোলনের অপরাধও তিনি স্বীকার করেন। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অপরাধ আর করবেন না বলে অঙ্গীকার করেন।

পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারা অনুযায়ী তাঁকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়। জরিমানার অর্থ পরিশোধ করায় তাঁকে কঠোরভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।

মোবাইল কোর্ট পরিচালনায় চুনারুঘাট থানা-পুলিশ, আনসার সদস্য ও স্থানীয় এলাকাবাসী সার্বিক সহযোগিতা করেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থ রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে চুনারুঘাট উপজেলার বিভিন্ন স্থানে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট বা ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।



সম্পর্কিত খবর