রাজনীতি

জাতিসংঘ মহাসচিবের সঙ্গে দুপুরে বৈঠকে বসছে বিএনপি

বাংলাদেশ সফররত জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠকে বসছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আজ শনিবার দুপুর ১টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ নেতৃবৃন্দ জাতিসংঘ মহাসচিবের সঙ্গে আলোচনায় অংশ নেবেন।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বর্তমানে চার দিনের সফরে বাংলাদেশে রয়েছেন। নোবেল বিজয়ী ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে তিনি এ সফরে আসেন। বৃহস্পতিবার বিকেলে ঢাকায় পৌঁছানোর পর শুক্রবার সকালে তিনি ড. ইউনূসের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে তাঁরা একসঙ্গে কক্সবাজারের উদ্দেশে রওনা দেন এবং সেখানে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করেন।

এর আগে জাতিসংঘ মহাসচিব পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বাংলাদেশের চলমান পরিবর্তন, সংস্কারপ্রক্রিয়া এবং জাতিসংঘ ও বাংলাদেশের মধ্যে সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা হয়। এছাড়া, রোহিঙ্গা শরণার্থীদের প্রতি বাংলাদেশের উদারতা ও শান্তিরক্ষা মিশনে দেশের সক্রিয় ভূমিকার জন্য আন্তোনিও গুতেরেস বাংলাদেশকে ধন্যবাদ জানান।

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধান উপদেষ্টার রোহিঙ্গা ইস্যু ও অগ্রাধিকার বিষয়ক উচ্চ প্রতিনিধি খলিলুর রহমান সাক্ষাৎ করেন। তাঁরা রাখাইন রাজ্যের বর্তমান পরিস্থিতি, মিয়ানমারে সংখ্যালঘু রোহিঙ্গাদের ভবিষ্যৎ এবং আসন্ন উচ্চপর্যায়ের সম্মেলন নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

জাতিসংঘের মহাসচিবের সফর ও বৈঠকগুলোকে ঘিরে কূটনৈতিক অঙ্গনে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। বিএনপির সঙ্গে তাঁর আলোচনায় কী বিষয়বস্তু উঠে আসে, তা নিয়ে রাজনৈতিক মহলে বাড়তি আগ্রহ রয়েছে।

 

বায়ান্ন/এএস



সম্পর্কিত খবর