দেশের খবর

তিন দফা দাবিতে প্রাথমিকের শিক্ষকবৃন্দের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান

অর্থ মন্ত্রণালয়ের ১২/০৮/২০২০ তারিখে জারিকৃত চিঠি বাতিলসহ ৩ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সোমবার (১৭ মার্চ) সারা দেশের ন্যায় জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারক লিপি প্রদান করেছে কিশোরগঞ্জের জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

প্রাথমিক শিক্ষক সমিতি কিশোরগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মোঃ মতিউর রহমান জাহাঙ্গীর, যুগ্ম আহ্বায়ক মোঃ মেসবাহ উদ্দিন ও মুহাম্মদ শহীদুল্লাহ এর নেতৃত্বে প্রথমে শিক্ষকবৃন্দ কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজ চত্বরে একত্রিত হয়। পরে তারা একটি বিক্ষোভ মিছিল সহকারে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। 

এ সময় শিক্ষকবৃন্দ বলেন, শিক্ষা জাতির মেরুদন্ড এবং প্রাথমিক শিক্ষা হচ্ছে মূল ভিত্তি তাই প্রাথমিক শিক্ষা ব্যবস্থার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থার বিকল্প নেই। জাতীয়করণকৃত শিক্ষকগণ সরকারের আমলাতান্ত্রিক বৈষম্যের শিকার। অবিলম্বে অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত পত্রটি বাতিল সহ দেশের  ৪৮৭২০ জন শিক্ষকদের উত্তোলিত টাইম স্কেল সংক্রান্ত জটিলতা স্থায়ী সমাধান, অধিগ্রহণকৃত বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতি প্রদান ও এস এম সি কর্তৃক নিয়োগ প্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে গেজেট থেকে নাম বাদ পড়ায় তাদেরকে অন্তর্ভুক্ত করা। অবিলম্বে এ দাবি বাস্তবায়ন না হলে শিক্ষক নেতৃবৃন্দ কঠোর আন্দোলনে যাবেন বলে হুঁশিয়ারি প্রদান করেন বক্তারা। 

এ সময় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দ হাবিবুল হক ছাড়াও কুলিয়ারচর উপজেলার মোঃ জালাল উদ্দিন, ইটনা উপজেলার মাহবুবুর রহমান, মোঃ গোলাম মোস্তফা। এ সময় জেলার ১৩ টি উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।



সম্পর্কিত খবর