প্রচলিত বাজারের বাইরে রপ্তানি সম্প্রসারণের উদ্যোগের মধ্যে দক্ষিণ আমেরিকার বাজারে বাংলাদেশের পণ্যের অবস্থান শক্তিশালী হচ্ছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) এ অঞ্চলের ১১টি দেশে ১৯ কোটি ৫১ লাখ ৭০ হাজার ডলারের পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ। এর মধ্যে সবচেয়ে বেশি রপ্তানি হয়েছে ব্রাজিল, চিলি ও পেরুতে। তবে তৈরি পোশাকের ওপর নির্ভরতা এখনো বেশি। মোট রপ্তানি আয়ের প্রায় ৭৯ শতাংশ এসেছে ওভেন ও নিট পোশাক থেকে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, আলোচ্য সময়ে ব্রাজিলে ৭ কোটি ৮ লাখ ২০ হাজার ডলারের পণ্য রপ্তানি হয়েছে।
চিলিতে রপ্তানি হয়েছে ৫ কোটি ১৮ লাখ ৭০ হাজার ডলারের পণ্য। আর পেরুতে রপ্তানির পরিমাণ ২ কোটি ৪২ লাখ ৪০ হাজার ডলার। এ ছাড়া কলম্বিয়ায় ১ কোটি ৮০ লাখ ৫০ হাজার, উরুগুয়েতে ১ কোটি ১৬ লাখ ৩০ হাজার এবং আর্জেন্টিনায় ১ কোটি ২ লাখ ৮০ হাজার ডলারের পণ্য রপ্তানি হয়েছে।
ইপিবির পণ্যভিত্তিক হিসাবে, দক্ষিণ আমেরিকার ১১টি দেশে প্রথম তিন মাসে ওভেন পোশাক ও পোশাকের আনুষঙ্গিক পণ্য রপ্তানি থেকে আয় হয়েছে প্রায় ৮ কোটি ৪৫ লাখ ৩০ হাজার ডলার।
নিট পোশাক রপ্তানি থেকে এসেছে প্রায় ৭ কোটি ১০ লাখ ডলার। দুই শ্রেণির পণ্য মিলিয়ে আয় হয়েছে ১৫ কোটি ৪৬ লাখ ৩০ হাজার ডলার, যা মোট রপ্তানি আয়ের প্রায় ৭৯ দশমিক ২ শতাংশ।
ইউরোপ ও উত্তর আমেরিকার প্রচলিত বাজারের বাইরে দক্ষিণ আমেরিকায় পাটজাত পণ্য, চামড়াজাত সামগ্রী, গৃহসজ্জার উপকরণ ও হস্তশিল্পের বাজার সম্প্রসারণের সম্ভাবনা দেখছে বাংলাদেশ। এ লক্ষ্যে গত ১১ থেকে ১৩ আগস্ট ব্রাজিলের সাও পাওলোতে অনুষ্ঠিত ‘হোম শো ব্রাজিল ২০২৬’ প্রদর্শনীতে অংশ নেয় দেশের চারটি প্রতিষ্ঠান।
ইপিবির আর্থিক সহায়তা ও ব্রাসিলিয়ায় বাংলাদেশ দূতাবাসের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এ প্রদর্শনীতে অংশ নেয় জিহান প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ, মাদার ট্যানারি, রেইনবো জুট ও ক্ল্যাসিক্যাল হ্যান্ডমেড প্রোডাক্টস।
পাঁচটি বুথে প্রতিষ্ঠানগুলো পাটজাত পণ্য, ব্যাগ, চামড়াজাত সামগ্রী, প্রাকৃতিক তন্তুর ঝুড়ি, গৃহসজ্জার উপকরণ, বাঁশের পণ্য, টেরাকোটা, মাটির তৈরি সামগ্রী ও নকশিকাঁথা প্রদর্শন করে।
প্রদর্শনীতে বিদেশি ক্রেতাদের সঙ্গে ব্যবসায়িক যোগাযোগ ও মতবিনিময়ের সুযোগ তৈরি হয়। বাংলাদেশের গৃহসজ্জা ও জীবনযাপন-সংশ্লিষ্ট পণ্যের সম্ভাবনা তুলে ধরতে আয়োজন করা হয় একটি সেমিনারও।
ইপিবির ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসান আরিফ বাসসকে বলেন, রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনা এবং উদীয়মান আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে কাজ করছে ইপিবি। তৈরি পোশাকের ওপর অতিরিক্ত নির্ভরতা ও অল্প কয়েকটি বাজারে সীমাবদ্ধতা বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতার ঝুঁকি বাড়াতে পারে। তাই নতুন পণ্য ও বাজার খুঁজে বের করা গুরুত্বপূর্ণ।