জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় পানিসম্পদ প্রতিমন্ত্রী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়নবিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্যসচিব ফরহাদ হোসেন আজাদ বলেছেন, “তারেক রহমানের নেতৃত্বে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে তিনি যে প্রতিশ্রুতি (কমিটমেন্ট) দিয়েছিলেন, তা বাস্তবায়ন করছেন। বিগত স্বৈরাচারী সরকার বাংলাদেশকে দুর্নীতির শীর্ষে নিয়ে গিয়েছিল; তারেক রহমানের সরকার সে দুর্নীতিকে সহনশীল পর্যায়ে নিয়ে আসার জন্য কাজ করছে। ফ্যাসিস্ট সরকার ’২৪, ’৭১, ’৯০-এ বিশ্বাস করে না। তারা বর্তমান সরকারের অর্জনকে বিশ্বাস করে না, তারা সরকারের উন্নয়নকে বিনষ্ট করতে চায় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি ছড়াতে চায়। আমরা যদি সামাজিক যোগাযোগমাধ্যমের এসব গুজব বিশ্বাস করি, তবে ভুল করব।”
তিনি আরও বলেন, “গতকাল ঠাকুরগাঁও উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ছোটখাটো কিছু বিষয় ছাড়া নির্বাচনটি সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। জামায়াতে ইসলামীর প্রার্থী ১২ ফ্রেব্রুয়ারির নির্বাচনে যে ভোট পেয়েছিলেন, গতকালের নির্বাচনে তার চেয়ে অর্ধেক ভোট পেয়েছেন। তারেক রহমানের সরকারের উন্নয়নের ধারাবাহিকতা এবং বিএনপির কর্মকাণ্ড মনে-প্রাণে বিশ্বাস করার কারণেই বিএনপির এ বিজয় অর্জিত হয়েছে। সরকার যেসব উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ করেছে, সেগুলো বাস্তবায়ন করতে হবে।”
তিনি বলেন, “বট বাহিনী অপপ্রচার চালিয়েছে এবং সরকারের বিরোধিতা করেছে। তবে বিএনপি সরকার গঠনের ৮ মাস পর ঠাকুরগাঁও উপনির্বাচনে আবারও প্রমাণিত হলো যে, বিএনপি সরকারের উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।”
এর আগে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবুর সঞ্চালনায় এবং জেলা সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেলের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় জাসাসের সাবেক সাংগঠনিক সম্পাদক ইউনুস শেখ, জেলা ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন রনিক, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চুসহ জেলা, সদর উপজেলা ও পৌর যুবদলের নেতাকর্মীরা।