রাজশাহী

রাণীনগরে উত্ত্যক্তে বাধা দেওয়ায় মন্দির কমিটির সহ-সভাপতিসহ দুজনকে ছুরিকাঘাত

নওগাঁর রাণীনগরে এক নারীকে উত্ত্যক্ত করার সময় বাধা দেওয়ায় মন্দির কমিটির সহ-সভাপতিসহ দুজনকে ছুরিকাঘাত করা হয়েছে। ছুরিকাঘাতে আহতদের উদ্ধার করে রাণীনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ত্রিমোহনী শ্রীশ্রী কালীমাতা মন্দির চত্বর এলাকার একটু দূরে। খবর পেয়ে রাতেই উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানাপুলিশ এবং এসআরবির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় রাতেই রাণীনগর থানায় মামলা দায়ের করা হয়েছে। তবে পলাতক থাকায় এখনো ওই যুবককে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

ছুরিকাঘাতে আহতরা হলেন—রাণীনগর উপজেলার ত্রিমোহনী গ্রামের মৃত ব্রজকিশোর সাহার ছেলে মন্দির কমিটির সহ-সভাপতি বিকাশ চন্দ্র সাহা (৪৫) এবং একই গ্রামের রমেন সাহার ছেলে অসীম চন্দ্র সাহা (৪০)।

আহত অসীম চন্দ্র সাহা জানান, মঙ্গলবার রাত অনুমান সাড়ে ১০টার দিকে নওগাঁ সদর উপজেলার চউনিয়াাড়ী গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মো. রায়হান (৩৬) নামের এক যুবক মন্দির চত্বর এলাকার একটু দূরে এক নারীকে উত্ত্যক্ত করছিল। এ সময় স্থানীয় লোকজন তাঁকে বাধা দিলে স্থানীয়দের সঙ্গে ওই যুবক বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে এবং ঘটনাস্থল থেকে চলে যায়। এর কিছুপর আবারও ওই যুবক ফিরে এসে স্থানীয়দের সঙ্গে তর্কে জড়ায়। একপর্যায়ে যুবক রায়হান ধারালো ছুরি দিয়ে বিকাশ চন্দ্রের উরুতে এবং আমার হাতের তালুতে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা আমাদের উদ্ধার করে রাণীনগর হাসপাতালে ভর্তি করায়। এ ঘটনায় ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মণ্ডল পুলিশ ফোর্সসহ এবং নাটোর ক্যাম্পের এসআরবি সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে জড়িতদের গ্রেপ্তার ও সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া মণ্ডল জানান, এ ঘটনায় রাতেই যুবক রায়হানের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। মামলার পর থেকে তাকে ধরতে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হচ্ছে। কিন্তু পলাতক থাকায় ধরা সম্ভব হয়নি। তবে রায়হানকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।



সম্পর্কিত খবর