অর্থনীতি ও বাণিজ্য

সবজিতে স্বস্তি, কমেছে আলু ও পেঁয়াজের দাম

সরবরাহ বেড়ে যাওয়ায় সবজি কিনে স্বস্তি মিলছে নগরবাসীর। রাজধানীর বাজারগুলোতে গত সপ্তাহের তুলনায় শীতকালীন সবজি কেজিতে ২০ থেকে ৫০ টাকা কমেছে। একই সঙ্গে কমেছে পেঁয়াজ ও নতুন আলুর দাম। তবে মাছ ও মুরগির বাজার স্থিতিশীল রয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) রাজধানীর কাজীপাড়া, শেওড়াপাড়া, তালতলা ও আগারগাঁও বাজারঘুরে দেখা গেছে এমন চিত্র। 

 

 

বাজারগুলোতে শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় দাম অনেকটাই কমে এসেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তাদের মতে পাইকারি বাজারে সবজির সয়লাব হয়ে গেছে। প্রতিদিনই সবজির দাম কমছে। তবে এসময় গ্রীষ্মকালীন সবজিও বাজারে আসছে বলেও তারা উল্লেখ করেন।

 

এ ব্যাপারে তালতলা বাজারে সবজি বিক্রেতা রুহুল আমিন বলেন, সবজির দাম প্রতিদিনই কমছে। অল্প টাকায় মানুষ ব্যাগ ভরে বাজার করছে। গত সপ্তাহের তুলনায় পেঁয়াজ ও আলুর দামও কমেছে।

 

এসব বাজার ঘুরে দেখা গেছে, শীতকালীন সবজি শিম কেজিতে ২০ টাকা কমে প্রকারভেদে ৩০ থেকে ৬০ টাকা, টমেটো কেজিতে ৪০ টাকা কমে ৭০ থেকে ৮০ টাকা, দেশি গাজর কেজিতে ২০ টাকা কমে ৪০ টাকা এবং ইন্ডিয়ান ১০০ টাকা, মূলা ২০ থেকে ৪০ টাকা, ফুল কপি ২০ থেকে ৩০ টাকা পিস, বাঁধা কপি বড় সাইজের ৩০ থেকে ৪০ টাকা এবং লাউ ৩০ থেকে ৫০ টাকা পিস দরে বিক্রি হচ্ছে।

 

সরবরাহ বেড়ে যাওয়ায় কম দামে সবজি কিনে স্বস্তি মিলছে নগরবাসীর। তাদের মতে, পকেট ভরা টাকা আনলেও ব্যাগ ভর্তি বাজার হতো না। তবে এখন অল্প টাকায় বাজার করে সবজির চাহিদা মিটছে।

 

 

এ ব্যাপারে আগারগাঁও বাজারের ক্রেতা রফিকুল ইসলাম বলেন, মাছ বাদ দিয়ে ২০০ টাকার সবজি কিনেছি এতেই ব্যাগ ভরে গেছে বহন করতে পারছি না। আগে দুই রকম সবজি কিনলেই দুইশো টাকা লাগতো। 

 

এসব বাজারে গ্রীষ্মকালীন সবজি ঝিঙ্গা ৮০ টাকা, বরবটি ৮০ থেকে ১০০ টাকা, বেগুন প্রকারান্তরে ৫০ থেকে ১০০ টাকা, কচুর লতি ৭০ থেকে ৮০ টাকা, চিচিঙ্গা ৮০ টাকা, করলা ১০০ এবং ধুন্দল ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে গ্রীষ্মকালীন সবজির ক্রেতা একেবারেই কম বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা।

 

এসব বাজারে কাঁচামরিচ কেজিতে ৪০ টাকা কমে ৬০ থেকে ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। পেঁপে ৫০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকা, দেশি শসা ৭০ টাকা, হাইব্রিড শসা ৫০ টাকা এবং খিড়াই ৫০ টাকা কেজি দরে বিক্রি করতে দেখা গেছে। 

 

বাজারগুলোতে লেবুর হালি ১০ থেকে ৩০ টাকা, দেশি ধনে পাতা ২০০ টাকা এবং হাইব্রিড ধনেপাতা ১০০ কেজি, কাঁচা কলা হালি বিক্রি হচ্ছে ৪০ টাকায়, চাল কুমড়া ৫০ টাকা পিস, ক্যাপসিকাম ৩৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।

 



সম্পর্কিত খবর