গাজীপুরে আলাউদ্দিন নামে এক বিষ খাওয়া রোগীকে হাসপাতালে নিয়ে আসার পর ঢাকা রেফার্ড করা হলে, ঢাকা যাওয়ার পথে তাকে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যান আনয়নকারী পথচারীরা। পরে পুলিশ ও স্বজনরা ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় এই ঘটনাটি ঘটে। মৃত ব্যক্তির নাম আলাউদ্দিন (৪০)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার কালিপুর গ্রামের মৃত এরশাদ মিয়ার ছেলে। স্ত্রীকে নিয়ে মরকুন পশ্চিমপাড়া এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করতেন তিনি। পরিবারের বরাতে পুলিশ জানায়, আলাউদ্দিন ছিলেন স্যানেটারি মিস্ত্রি এবং তার স্ত্রী অরুণা পোশাক শ্রমিক। তাদের মধ্যে প্রায়ই সাংসারিক বিষয়ের কারণে ঝগড়া-বিবাদ হতো। একাধিকবার এসব কারণে তিনি বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে তিনি বিষ খেয়ে রাস্তায় দুজন পথচারীকে জানান। পরে তারা তাকে টঙ্গী শহীদ আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার তাকে ঢাকা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার্ড করেন। তবে সেই পথচারীরা তাকে ঢাকায় না নিয়ে রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যান।
খবর পেয়ে তার স্বজনরা টিঅ্যান্ডটি এলাকার টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক সড়কের পাশ থেকে তাকে উদ্ধার করে সন্ধ্যা পৌনে ৭টার দিকে আবারও ওই হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) কায়সার আহমেদ বলেন, ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
বায়ান্ন/এসএ