দেশের খবর

গাজীপুরে মহাসড়কের দু’পাশ হকারদের দখলে, উচ্ছেদ করলেন পুলিশ

গাজীপুরে মহাসড়কের উভয় পাশে ফুটপাত দখলমুক্ত করতে হকার উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে পুলিশ। এসময় বিভিন্ন যানবাহনে তল্লাশি করা হয়।

শনিবার (৮ মার্চ) বিকাল ৫টার দিকে মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করে গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানা পুলিশ। 

গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার অফিসার ইনচার্জ মো. কায়সার আহমেদ এর নেতৃত্বে গাজীপুর সিটি কর্পোরেশনের চান্দনা চৌরাস্তা এলাকার ঢাকা- টাঙ্গাইল মহাসড়ক, ঢাকা- ময়মনসিংহ মহাসড়ক এবং জয়দেবপুর রোডে ফুটপাত থেকে সকল ভ্রাম্যমাণ হকারদের উচ্ছেদ করা হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কায়সার আহমেদ জানান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. মো. নাজমুল করিম খানের নির্দেশনায় ফুটপাত থেকে হকার উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। সড়ক দখল করে ফুটপাতে হকারদের ভ্রাম্যমাণ দোকানের কারণে সাধারণ মানুষের চলাচল ব্যাহত হচ্ছিল। সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন করতে এমন অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও জানান, বাসন থানা এলাকায় বসবাসরত জনসাধারণের জানমাল নিরাপত্তা প্রদানে বাসন থানা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।



সম্পর্কিত খবর