দেশের খবর

ডেমরার সশস্ত্র ডাকাতি:থানায় মামলা


রাজধানীর ডেমরায় চাঞ্চল্যকর সশস্ত্র ডাকাতির ঘটনায় থানায় অজ্ঞাতনামা ১০/১২ জন সংঘবদ্ধ ডাকাতদলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ভূক্তভোগী ইলেকট্রিক সরঞ্জাম ব্যবসায়ী শাহাদাত হোসেন ভূঁইয়া রোববার (০৬ এপ্রিল) দিবাগত রাতে ওই মামলা দায়ের করেন। গত ৪ এপ্রিল ভোররাতে আমুলিয়ার ৩০২ মোগলনাদা এলাকায় শাহাদাত হোসেনের বাড়ীতে এ ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ওই ব্যবসায়ীর বাসা থেকে নগদ ২ লক্ষ ৫৫ হাজার টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোনসহ মোট ১৪ লক্ষ টাকার সম্পদ লুট করেছে অজ্ঞাতনামা ডাকাতদল।
 
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী শাহাদাত হোসেন ভূঁইয়া জানান, গত ৪ এপ্রিল ভোররাতে বিকট শব্দে ঘুম ভেঙে গেলে শাহাদাত  দেখেন, অজ্ঞাতনামা ১০-১২ জন সশস্ত্র ডাকাত রামদা ও ছুরি নিয়ে তার বাসায় প্রবেশ করে। এ সময় ডাকাতদল শাহাদাত, তার স্ত্রী, শিশুসন্তান ও মাকে হুমকিসহ ভয়থীতি প্রদর্শন করে সবাইকে বেঁধে ফেলে। পরবর্তীতে ডাকাতরা আলমারি ও ওয়ার্ডড্রপের তালা ভেঙে নগদ টাকা, ৭ ভরি স্বর্ণের গয়না (বাজারমূল্য ৯ লক্ষ ৯৪ হাজার টাকা) ও একটি আইফোন ১৬ প্রো ম্যাক্স (১ লক্ষ ২০ হাজার টাকা) লুট করে। ডাকাতরা প্রায় ২৫ মিনিট বাসায় অবস্থান করে।

শাহাদাত দাবি করেন, ডাকাতদের বয়স ৩০ থেকে ৫০ বছর পর্যন্ত। কেউ থ্রি-কোয়ার্টার প্যান্ট, লুঙ্গি ও ফুলপ্যান্ট পরিহিত ছিল এবং তারা সবুজবাগ/খিলগাঁও বা রুপগঞ্জের আঞ্চলিক ভাষায় কথা বলে। সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, বাইরে আরও কয়েকজন সহযোগী ছিল। এক ডাকাত অপর দুইজনকে "জাকির" ও "রাহাত" নামে ডাকছিল।

এ বিষয়ে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, ঘটনার পর থেকেই তদন্ত শুরু করা হয়েছে। সিসি ফুটেজ ও স্থানীয় সূত্রে ডাকাতদের শনাক্তের চেষ্টা চলছে। দ্রুত সময়ের মধ্যে অপরাধিদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।



সম্পর্কিত খবর