দেশের খবর

নাটোরের ডিসি বাংলোর গর্তে মিলল বিপুল পরিমাণ সিলমারা ব্যালট পেপার

নাটোরের জেলা প্রশাসকের পুরোনো বাংলোর বাঁশঝাড়ের নিচে মাটিতে পুঁতে রাখা বিপুল পরিমাণ ব্যালট পেপার উদ্ধার করা হয়েছে। যার অধিকাংশই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সিলমারা ব্যালট।

শনিবার (২৯ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের কান্দিভিটুয়ায় ডিসির পুরোনো বাংলোর ভেতরে বাঁশঝাড়ের নিচে মাটিচাপা দেয়া ব্যালটগুলো উদ্ধার করা হয়। স্থানীয় প্রশাসন জানায়, উদ্ধার হওয়া ব্যালটগুলোর মধ্যে অধিকাংশই নাটোর (লালপুর-বাগাতিপাড়া) আসনের।

এর আগে গতকাল বিকেলে ডিসির পুরোনো বাংলোর পুকুর থেকে ছয়টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ। তবে বিপুল পরিমাণে ব্যালট পেপার উদ্ধারের ঘটনায় জনমনে ব্যাপক কৌতূহল ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

নাটোর জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, দ্বিতীয় দিনের মতো ডিসির পুরোনো বাংলোর ভেতরের পুকুরে অস্ত্র উদ্ধারের অভিযান চলছিল। এ সময় গোয়েন্দা সংস্থার সদস্যদের নজরে আসে মাটিচাপা দেয়া ব্যালটগুলো। খবর পেয়ে দ্রুত পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ব্যালটগুলো উদ্ধার করে।

ঘটনাটি নিয়ে জানতে চাইলে জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) রাশেদুল ইসলাম বলেন, “২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এসব ব্যালট পেপার ট্রেজারিতে রাখা ছিল। পরে উপজেলা পরিষদ নির্বাচনের সময় স্থান সংকুলানের অভাবে পুরোনো বাংলোতে রাখা হয়। তবে কে বা কারা এই ব্যালটগুলো নষ্ট করেছে, তা আমরা জানি না। বাকি যে ব্যালটগুলো ছিল, সেগুলো নির্বাচন কমিশনের টেন্ডারপ্রাপ্ত সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে।”

ব্যালট পেপার উদ্ধার নিয়ে সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। অনেকেই ঘটনাটিকে নির্বাচনী প্রক্রিয়ার সচ্ছতা ও নিরাপত্তার প্রতি চরম অবহেলা হিসেবে দেখছেন। এছাড়া, অস্ত্র উদ্ধারের ঘটনার পরপরই ব্যালট পেপার উদ্ধারের বিষয়টি সংশ্লিষ্ট মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

ঘটনাটি নিয়ে প্রশাসন এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয় জনগণসহ বিশ্লেষকরা বিষয়টি গভীরভাবে তদন্তের দাবি জানিয়েছেন।

বায়ান্ন/আরএস



সম্পর্কিত খবর