আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সংবাদপত্র ৩ দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)। তাদের ঘোষণায় বলা হয়েছে, ৩০ ও ৩১ মার্চ এবং ১ এপ্রিল সংবাদপত্র প্রকাশিত হবে না। তবে চাঁদ দেখা সাপেক্ষে ঈদ ১ এপ্রিল হলে, ছুটি এক দিন বাড়িয়ে ২ এপ্রিল পর্যন্ত করা হবে। সে ক্ষেত্রে ৩ এপ্রিলও কোনো পত্রিকা প্রকাশিত হবে না।
নোয়াবের এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। বুধবার (১৯ মার্চ) ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এক বিবৃতিতে বলেন, “সরকারি কর্মকর্তা-কর্মচারীরা এবার টানা পাঁচ দিনের ঈদ ছুটি পাচ্ছেন। এর সঙ্গে স্বাধীনতা দিবস, শবে কদর ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে তাদের দীর্ঘ অবকাশ মিলেছে। অথচ সাংবাদিকদের জন্য মাত্র তিন দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে, যা অযৌক্তিক। আমরা এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানাই এবং ছুটি বাড়ানোর দাবি জানাচ্ছি।”
নোয়াব জানিয়েছে, তাদের নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ছুটি নির্ধারিত হয়েছে। তবে সাংবাদিকদের স্বার্থ বিবেচনায় রেখে ছুটির সময়সীমা পুনর্বিবেচনার দাবি উঠেছে ডিআরইউর পক্ষ থেকে।
বায়ান্ন/আরএস