দেশের খবর

পটুয়াখালীতে দুর্বৃত্তদের হামলায় গৃহবধূ নিহত

পটুয়াখালীতে রিজিয়া বেগম (৫৫) নামের এক গৃহবধূকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১০ মার্চ) রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটের দিকে সদর উপজেলার বড় বিঘাই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে নিজ বসতঘরে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহতের স্বামী খালেক গাজী জানান, রাতের খাবার শেষে তিনি মসজিদে নামাজ পড়তে যান। এ সময় তার স্ত্রী ঘরে একাই ছিলেন। নামাজ শেষে ঘরে ফিরে তিনি রিজিয়া বেগমকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। তার চিৎকারে স্থানীয়রা ছুটে গিয়ে তার নিথর দেহ দেখতে পান।

খবর পেয়ে পটুয়াখালী সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করেছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

এ বিষয়ে পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ইমতিয়াজ আহমেদ বলেন, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং তদন্ত চলছে। মামলা প্রকৃয়াধীন। এখন পর্যন্ত কোনো আসামিকে শনাক্ত করা যায়নি, তবে তদন্তের স্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। দ্রুতই দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।”

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

বায়ান্ন/আরএস



সম্পর্কিত খবর