দেশের খবর

বাঁশখালীতে বিধবার উপর হামলা, ঘরবাড়ি ভাংচুর

ছবি ক্যাপশন (১), বাঁশখালীতে আহত বিধবা রোকেয়া বেগম।

বাঁশখালী উপজেলার পাইরাং এলাকায় রোকেয়া বেগম নামে এক বিধবার উপর হামলা ও অত্যাচার নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এসময় তার ঘরবাড়িতে ভাংচুর এবং লুটপাট চালানোর অভিযোগ উঠেছে। গত সোমবার (১০ মার্চ) সকাল ৮টায় সংঘটিত এই ঘটনায় পুলিশ মামলা না নেয়ায় পরদিন মঙ্গলবার বাঁশখালী আদালতে মামলা দায়ের করেছেন ওই নির্যাতিত নারী। রোকেয়া বেগম সরল ইউনিয়নের ৮নং ওয়ার্ড পাইরাং গ্রামের মৃত দানু মিয়ার স্ত্রী এবং মৃত মোঃ আলম বক্সের মেয়ে। এই ঘটনায় ওই এলাকার মৃত জাহের আহমদের ছেলে যুবলীগ ক্যাডার আলী হোসেনকে প্রধান আসামি করে মামলা দায়ের করেছেন।

মামলা ও অভিযোগ সূত্র জানায়, বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের পাইরাং এলাকার মৃত দানু মিয়ার স্ত্রী বিধবা রোকেয়া বেগম গত বছর তার স্বামীর মৃত্যুর পর থেকে বৃদ্ধা মাকে নিয়ে বাবার বাড়িতে বসবাস করে আসছিলেন। পিতা মোঃ আলী বক্স আরো কয়েক বছর পূর্বে মারা যান।

এদিকে অভিভাবকহীন বিধবা রোকেয়া বেগম পিতার বসতবাড়িতে অসহায় অবস্থায় বসবাস করলেও স্থানীয় মৃত জাহের আহমদের ছেলে যুবলীগ ক্যাডার আলী হোসেন ও তার লোকজন বিধবাকে বসতভিটা থেকে উচ্ছেদ করতে নানাভাবে জুলুম নির্যাতন করে আসছিলেন। এতদিন দলীয় প্রভাব খাটিয়ে বিধবার উপর জুলুম নির্যাতন চালালো সরকার পরিবর্তনের পর ভিন্ন খোলসে আলী হোসেন ও তার লোকজন বিধবা রোকেয়ার উপর নির্যাতন নিপীড়ন চালাতে থাকেন। এরই ধারাবাহিকতায় একাধিকবার রোকেয়ার বসতবাড়িতে হামলা ও ভাংচুর চালায় আলী হোসেন ও তার লোকজন।

সর্বশেষ গত ১০ মার্চ সোমবার সকালে পবিত্র রমজানের দিনে পুকুর ভরাটের কাজ করার সময় আলী হোসেনের নেতৃত্বে আসামীরা বিধবাকে এলোপাতাড়ি কিল, ঘুষি, লাথি মেরে ব্যাপক নির্যাতন চালান। এতে শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম হয়। এসময় রোকেয়াকে রক্ষা করতে এগিয়ে এলে তার বৃদ্ধা মা আনোয়ারা বেগমও আহত হয়। এসময় বাড়িতে ভাংচুর এবং লুটপাট চালায় দুর্বত্তরা। এতে বিধবার দেড় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

বিধবা রোকেয়া বেগম জানান, আমার পিতা এবং স্বামীর মৃত্যুর পর আমরা পুরুষ শুন্য ও অভিভাবকহীন হয়ে পড়ি। এতে প্রতিবেশী প্রভাবশালী চক্র আমি ও আমার বৃদ্ধা মাকে উচ্ছেদ করে জায়গা জমি গ্রাস করতে চাচ্ছে। তিনি ঘটনার সুষ্ট তদন্ত ও বিচার দাবি করেন।

বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম জানান, বিধবার উপর হামলার ঘটনায় মামলা হয়েছে। তদন্তের পর জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

বায়ান্ন/আরএস



সম্পর্কিত খবর