দেশের খবর

বাঁশখালীতে লবণের মাঠে হামলা ও পলিথিন কেটে নেয়ার প্রতিবাদে বিক্ষোভ

বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের উত্তর সরল বঙ্গোপসাগর উপকূলীয় বেড়িবাঁধের বাইরে ৩ শতাধিক বর্গা চাষির লবণ মাঠের পলিথিন কেটে ফেলা, খামার বাড়িতে অগ্নিসংযোগ ও লবণ লুট করে নিয়ে যাওয়া এলাকার কতিপয় সন্ত্রাসী ও মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ সমাবেশ মিছিল ও মানববন্ধন করেছে স্থানীয়রা।

উত্তর সরল লবণ উৎপাদন সমবায় সমিতি ও এলাকাবাসীর উদ্যোগে গতকাল শুক্রবার সকালে উত্তর সরল নতুন বাজার সংলগ্ন বেড়িবাঁধ এলাকায় অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন লবণ উৎপাদন সমবায় সমিতির সদস্য মোহাম্মদ কাইয়ুম চৌধুরী।

বক্তব্য রাখেন, উত্তর সরল লবণ উৎপাদন সমবায় সমিতির সদস্য মোহাম্মদ মাহফুজ, দেলোয়ার হোসেন, জিয়াফ সওদাগর, সাইফুল ইসলাম সাইফ প্রমুখ। সমাবেশ ও বিক্ষোভ থেকে অবিলম্বে লবণমাঠে হামলা, অগ্নিসংযোগ, পলিথিন কেটে ফেলাসহ লবণ লুটের ঘটনায় দায়ের করা মামলার অভিযুক্ত আসামিদের গ্রেপ্তারের দাবি জানানো হয়।

গত ১৪ ফেব্রুয়ারী ও ১৭ ফেব্রুয়ারী দুই দফায় প্রায় ৭০ লক্ষাধিক টাকার উৎপাদনের জন্য প্রস্তুত থাকা লবণমাঠে পলিথিন কেটে সাবাড় করে দেন সন্ত্রাসীরা। এসময় খামার বাড়িতেও আগুন দেয়া হয়। হামলাকারীরা সবাই আওয়ামী লীগের সাবেক উপজেলা চেয়ারম্যান খোরশেদ আলমের অনুসারী বলে জানিয়েছে লবণ চাষীরা। এসব অভিযোগে একাধিক মামলা হলেও পুলিশ এখনো কোন আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। এতে সন্ত্রাসীরা আরো বেপরোয়া হয়ে উঠছে বলে অভিযোগ করা হয়।

সমাবেশে জানানো হয়, হামলাকারীরা চাঁদা না পেয়ে বার বার সাধারণ লবণচাষীদের উপর হামলা করছে। তারা বন মামলাসহ বিভিন্ন মামলার আসামি। এরা সকলে আওয়ামী রাজনীতির সাথে যুক্ত। উপকূলের অস্ত্রধারী সন্ত্রাসী হওয়ায় পুলিশ তাদের গ্রেপ্তারে সাহস করছেনা। বিক্ষোভ সমাবেশ থেকে অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচীর হুশিয়ারী দেয়া হয়।

বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ



সম্পর্কিত খবর