ভারতীয় হিন্দুত্ববাদীদের দ্বারা আগরতলার বাংলাদেশের সহকারী হাই কমিশনারের কার্যালয় ভাঙচুর ও জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে যশোরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জেলা বিএনপি।
বুধবার বিকালে শহরের লালদীঘিস্থ দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ভারত নিজেদেরকে বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করে। কিন্তু শেখ হাসিনার সমর্থন দেওয়ার মধ্য দিয়ে তারা সেটি ভুল প্রমাণ করেছে। মহান মুক্তিযুদ্ধে ভারতের অবদান এ দেশের জনগণ কৃতজ্ঞচিত্তে স্মরণ করে। কিন্তু মহান স্বাধীনতার ৫৩ বছর পর দেশের স্বার্থ কতটা বিকিয়ে দিলে কিংবা সীমান্তে ফেলানির মত নিরীহ নিরাপরাধ বাঙালী হত্যা করলে ভারতের ঋণ পরিশোধ হবে?।
জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস ইসলামের সভাপতিত্বে সমাবেশ অমিত আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক তীর্থভূমি। এই দেশ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলের। এখানে সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু বলতে কেউ নেই। আমাদের একটি পরিচয় আমরা বাংলাদেশি। এই ভূখন্ডের বাইরে আমাদের কোন পরিচয় নেই। কোন মুসলিম অন্য কোন ধর্মকে প্রতিপক্ষ ভাবতে পারে না। নব্বই দশকে ভারতের বাবরি মসজিদ ভাঙার পর যেভাবে এই যশোর তথা সমগ্র বাংলাদেশে বিএনপি নেতাকর্মীরা সনাতন ধর্মের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করেছিল, ঠিক একইভাবে ৫ আগস্টের সন্ধ্যা থেকে আজ অবধি পর্যন্ত সনাতন ধর্মের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করে আসছে।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন। পরে দলীয় কার্যালয় থেকে অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়। হাতে ছোট বড় লাল-সবুজের পতাকা হাতে নিয়ে নেতাকর্মীরা পুরাতন পৌর ভবনের সমানের সড়ক, চৌরাস্তা মোড়, আর এন রোড হয়ে মনিহার এলাকায় গিয়ে মিছিলটি শেষ করেন।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য গোলাম রেজা দুলু, অ্যাডভোকেট মোহাম্মদ ইসহাক, আব্দুস সালাম আজাদ, মারুফুল ইসলাম, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, আনিছুর রহমান মুকুল, সিরাজুল ইসলাম, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পদাক আঞ্জুরুল হক খোকন, জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল, জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি প্রমুখ।