দেশের খবর

বিস্ফোরক মামলায় বদলগাছী উপজেলা আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার

নওগাঁর বদলগাছী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু খালেদ বুলুকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ। বদলগাছী থানায় হওয়া বিস্ফোরক আইনের একটি মামলায় গতকাল সোমবার দিবাগত রাতে উপজেলার ভান্ডারপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

বদলগাছী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিস্ফোরক আইনের একটি মামলায় আবু খালেদ এজহারভুক্ত আসামি। মামলা হওয়ার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে অভিযান চালিয়ে উপজেলার ভান্ডারপুর গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে ওই মামলায় আজ মঙ্গলবার সকালে আদালতের নির্দেশে তাঁকে কারাগারে পাঠানো হয়।   

মামলার এজহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ নভেম্বর রাত ৯টার দিকে উপজেলার গোবরচাঁপা হাট এলাকায় অবস্থিত গোবরচাঁপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মূল ফটকের সামনে দুটো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এছাড়া ঘটনাস্থল থেকে ৬টি তাজা ককটেল উদ্ধার করে থানা পুলিশ। অবিস্ফোরিত ৬টি ককটেল উদ্ধার করেছিল থানা পুলিশ। ঘটনার পর দিন বেলাল হোসেন সৌখিন নামে বিএনপির এক নেতা বাদী হয়ে থানায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। মামলায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৪০ জন নেতাকর্মীর নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৮০ থেকে ১০০ জনকে আসামী করা হয়। 

বায়ান্ন/আরএস

 



সম্পর্কিত খবর