রাজধানীতে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে সর্বাত্মক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি শনিবার (২৯ মার্চ) রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “মহান আল্লাহর রহমতে রাজধানীতে কোনো নিরাপত্তা হুমকি নেই। যদি কোনো ষড়যন্ত্রের আশঙ্কা থাকে, জনগণকে সঙ্গে নিয়ে আমরা তা মোকাবিলা করব।” রাজধানীতে চুরি, ডাকাতি, ছিনতাইসহ সব ধরনের অপরাধ দমনে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও তিনি জানান।
তিনি আরও বলেন, “ঈদ উপলক্ষে সবাই যখন ছুটির আমেজে সময় কাটাচ্ছে, তখন পুলিশ, সশস্ত্র বাহিনী, বিজিবি, আনসার, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের সদস্যরা নিরলসভাবে দায়িত্ব পালন করছেন। তারা রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি সুরক্ষায় কাজ করে যাচ্ছেন এবং এজন্য তারা ধন্যবাদ প্রাপ্য।”
গাবতলী বাস টার্মিনালে পরিদর্শনের সময় স্বরাষ্ট্র উপদেষ্টা টার্মিনালের বিভিন্ন কাউন্টার ঘুরে দেখেন এবং যাত্রীদের সঙ্গে কথা বলেন। বেশি ভাড়া আদায়ের অভিযোগ রয়েছে কিনা, তা পর্যবেক্ষণ করেন তিনি। টিকিট বিক্রেতা ও যাত্রীদের সঙ্গে কথা বলে যাত্রীসেবার মান যাচাই করেন।
গত কয়েকদিনে যাত্রী সংকটের কথা শোনা গেলেও, শনিবার গাবতলী বাস টার্মিনালে যাত্রী ভিড় কিছুটা বেড়েছে। কিছু কাউন্টারের সামনে যাত্রীদের অপেক্ষার দৃশ্য দেখা গেলেও, আগের বছরের মতো উপচে পড়া ভিড় এখনো পরিলক্ষিত হয়নি। টিকিট বিক্রেতারা যাত্রী আকর্ষণে সক্রিয় ভূমিকা পালন করছেন, যা পরিস্থিতির পরিবর্তনে সহায়ক হতে পারে।
রাজধানীতে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে গাবতলীসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টার আশ্বাসে নগরবাসীর মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে।
ঈদের আনন্দ নিরাপদ ও স্বস্তিদায়ক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বায়ান্ন/আরএস