দেশের খবর

রাজনগরে বিএনপি নেতার কাছে ছাত্রদল নেতার ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

মৌলভীবাজার জেলার রাজনগরে বিএনপি এক নেতার কাছে চাঁদা দাবি ও আগ্নেয়াস্ত্র ব্যবহার ও গাড়ি ভাঙচুরের অভিযোগে ছাত্রদল-যুবদলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ১৩ জনের নাম উল্লেখ করে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে রাজনগর থানায় মামলাটি করেন উপজেলার মনসুরনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মশাহিদ আহমদ। এ ঘটনায় উভয়পক্ষ সভা-সমাবেশ ও শোডাউন করে।

জানা যায়, গত মঙ্গলবার বিকেলে রাজনগর কলেজ পয়েন্ট এলাকায় জেলা ছাত্রদলের সহ-সভাপতি মাহবুব আলম জামালসহ কয়েকজন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নুরুল ইসলাম সেলুনের গাড়ি আটকিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন।

এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে বিএনপি নেতা সেলুনকে লক্ষ্য করে আগ্নেয়াস্ত্র দিয়ে ছাত্রদল নেতা জামাল গুলি করেন। এসময় লাঠিসোটা ও দেশীয় অস্ত্র দিয়ে নুরুল ইসলাম সেলুনের প্রাডো গাড়ি ও একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

ছাত্রদল নেতা মাহবুব আলম জামাল বলেন, মামলায় আমাদের বিরুদ্ধে চাঁদাবাজি ও গুলি করাসহ যেসব অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। আমাদের দাবি ছিল, কলেজ পয়েন্টে ইউনিয়ন বিএনপির কমিটি গঠনের লক্ষ্যে সভা হোক। কিন্তু নুরুল ইসলাম সেলুনসহ কয়েকজন নিজেদের স্বেচ্ছাচারিতা ও সুবিধার্থে দত্তগ্রাম স্কুলে সভা করেছেন।

ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের না জানিয়ে তারা কমিটি করছেন। ওইদিন কলেজ পয়েন্টে আমাদের একটি পথসভা ছিল। নুরুল ইসলাম সেলুন গাড়ি থেকে নেমে উপস্থিত নেতাকর্মীদের অকথ্য গালিগালাজ ও গুলি ছুড়েছেন। জেলা-উপজেলা নেতাদের মধ্যস্থতায় এ ঘটনার সালিশ মীমাংসা হওয়ার কথা ছিল। আমরাও মামলার প্রস্তুতি নিয়েছি।

বিএনপি নেতা নুরুল ইসলাম সেলুন বলেন, উপজেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটিকে সব ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি করতে নির্দেশ দেয়া হয়েছে। সেই লক্ষ্যে আমরা বিভিন্ন ইউনিয়নে সভা করে কমিটি গঠনের কাজ করছি। দত্তগ্রামে মিটিং শেষে কলেজ পয়েন্টে পৌঁছালে জামালসহ ৪০-৫০ জন এসে আমার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। আমি না দিতে চাইলে পিস্তল দিয়ে আমার ওপর গুলি করে ও গাড়ি ভাঙচুর করে। অথচ এখন  জামাল বলেছে আমি নাকি তাদের গুলি করেছি।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোর্শেদুল হাসান খান বলেন, ছাত্রদলের কয়েকজনের বিরুদ্ধে চাঁদাবাজি, গুলি ও ভাঙচুরের মামলা হয়েছে। পুলিশ মামলাটি তদন্ত করছে। 

বায়ান্ন/প্রতিনিধি/একে

 



সম্পর্কিত খবর