রাজশাহী

রাণীনগরে পুকুরে বিষপ্রয়োগে ১৫ লাখ টাকার শিং মাছ নিধনের অভিযোগ

নওগাঁর রাণীনগরে পুকুরে বিষপ্রয়োগ করে শিং মাছ নিধনের অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে উপজেলার করজগ্রাম হিন্দুপাড়া গ্রামের অর্জুন দেবনাথের ছেলে অভিমন্যু দেবনাথের লিজ নেওয়া পুকুরে এই বিষপ্রয়োগের ঘটনা ঘটে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন মাছচাষি অভিমন্যু।

অভিমন্যু জানান, গ্রামের একজনের কাছ থেকে পুকুরটি লিজ নিয়ে তিনি মাছ চাষ করে আসছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় মাছগুলোকে খাবার দিয়ে বাড়িতে যান। পরদিন সকালে পুকুরে গিয়ে দেখেন কে বা কারা বিষপ্রয়োগ করায় অধিকাংশ মাছ মরে ভেসে উঠেছে। তিনি বলেন, “পুকুরে প্রায় ১৪০ থেকে ১৫০ মণ শিং মাছ ছিল। মাছগুলো প্রায় বাজারজাত করার মতো বড় হয়েছিল। কিন্তু এরই মধ্যে বিষপ্রয়োগ করায় প্রায় ১৪-১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।” এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার দাবি করেছেন ক্ষতিগ্রস্ত এই মাছচাষি।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল বলেন, “পুকুরে বিষপ্রয়োগের বিষয়টি শুনেছি। তাদেরকে থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”



সম্পর্কিত খবর