দেশের খবর

লক্ষ্মীপুরে সাবেক এমপি বিএনপি নেতা নাজিম উদ্দিন মারা গেছেন

লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা নাজিম উদ্দিন আহমেদ মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার রাত ১২ টার দিকে রাজধানীর বনানী এলাকার নিজ বাসভবনে তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাতিজা ও লক্ষ্মীপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক হাসিবুল সিদ্দিক।

নাজিম উদ্দিন বিএনপি জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য। তিনি লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসন থেকে দুই বার সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রথমবার এবং ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে দ্বিতীয়বার তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।

পারিবারিক সূত্র জানায়, ১৯৬৮ সালে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ভাদুর ইউনিয়নের ভাদুর মিয়া বাড়িতে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে নাজিম জন্মগ্রহণ করেন। তিনি রামগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর জেলা বিএনপির আহবায়ক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবুসহ নেতাকর্মীরা।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, নাজিম উদ্দিন বর্ষীয়ান রাজনীতিবিদ। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। তার বিদেহী আত্মার মাগফেরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের সদস্য, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।



সম্পর্কিত খবর