দেশের খবর

শিবচরে তিন লাখ টাকা নিয়ে উধাও এক নারী প্রতারক!

মাদারীপুর জেলার শিবচরে কাগজে লেখা একটি ঠিকানা পড়তে দিয়ে বোরখা পরিহিত এক নারী ব্যাংকে টাকা পাঠাতে আসা অপর এক নারীর কাছ থেকে তিন লাখ টাকা হাতিয়ে নিয়েছে।

সোমবার দুপুরে জেলার শিবচর উপজেলার পৌর বাজারের ডিআইজি মার্কেটে ইসলামী ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী নারী মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে শিবচর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। 

জানা গেছে, সোমবার দুপুরের দিকে শিবচর বাজারের ডিআইজি মার্কেটে ইসলামী ব্যাংকের (এজেন্ট ব্যাংক) মাধ্যমে তিন লাখ টাকা পাঠাতে আসেন লাখি আক্তার নামে স্থানীয় এক নারী। ব্যাংকে প্রবেশের আগে বোরখা পরিহিত এক মহিলা লাখি আক্তারকে কাগজে লিখা একটি ঠিকানা পড়তে দেন। ঠিকানা লিখা কাগজটি লাখি আক্তারের সামনে মেলে ধরে কাগজে মৃদু টোকা দিলেই লাখি আক্তার হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। কিছুক্ষণ পর জ্ঞান ফিরলে তিনি দেখতে পান সাথে থাকা তিন লাখ টাকা নেই!

ভুক্তভোগী লাখি আক্তার বলেন,'আমি আমার এক আত্মীয়র নিকট টাকা পাঠাতে ব্যাংকে আসি। ব্যাংকের দরজার বাইরেই এক মহিলা ঠিকানা লেখা একটা কাগজ আমার চোখের সামনে মেলে ধরে জানতে চায় ঠিকানাটা কোথায়? এসময় সে কাগজটিতে টোকা দেয়। কিছুক্ষণের মধ্যেই আমার মাথা ঘুরে উঠে। এরপর আর কিছু মনে নাই। পরে দেখি আমার টাকার ব্যাগ উধাও। চোখের পলকে আমার টাকা হাতিয়ে নিয়ে গেছে ওই মহিলা!'

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রতন শেখ বলেন, 'আমরা অভিযোগ পেয়েছি। অনেকে 'শয়তানের নিশ্বাস' বলে। কাগজে নেশা জাতীয় কোন কেমিক্যাল দিয়ে এভাবে অর্থ-স্বর্ণালঙ্কার হাতিয়ে নেয় চক্রটি। টাকা উদ্ধারে আমরা কাজ করছি। তবে ওই মার্কেটে সিসি ক্যামেরা না থাকায় আমাদের একটু বেগ পেতে হচ্ছে।'

 



সম্পর্কিত খবর