সাতক্ষীরার শ্যামনগরে শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে আসা তিন নারীকে মালামালসহ আটক করেছেন যৌথ বাহিনীর সদস্যরা।
শনিবার (১৫ মার্চ)দুপুরে কোস্ট গাডের পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে শুক্রবার রাত ৮টার দিকে কোষ্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার সিয়াম উল হকের নেতৃত্বে যৌথ বাহিনীর সদস্যরা শ্যামনগর থানাধীন শৈলখালী এলাকায় একটি অভিযান পরিচালনা করে তাদের আটক করেন। এসময় কচুখালী-হুগলডাঙ্গা সীমান্ত দিয়ে ভারত হতে অবৈধভাবে অনুপ্রবেশের সময় তিন নারীকে আটক করা হয়। পরবর্তীতে তাদের কাছে থাকা ৭টি ব্যাগ তল্লাশি করে অবৈধ ভারতীয় কাপড় ও কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়।
আটককৃত তিন নারী হলেন, শাহনাজ বেগম (৩৯), রোজিনা খান (২৬) এবং মোছাঃ জুলি (২৮)। জিজ্ঞাসাবাদে শাহনাজ বেগম ভারতের গুজরাট এবং রোজিনা ও জুলি বেঙ্গালুরুতে বসবাস করতেন বলে জানান। তারা কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হুমায়ুন করিব মোল্লা বিষয়টি নিশ্চিত করে বলেন, ভারতীয় মালামালসহ ওই তিন নারীকে আটক করে সাতক্ষীরা আদালতে প্রেরণ করা হয়েছে।
বায়ান্ন/আরএস