দেশের খবর

সিসি ক্যামেরার ফুটেজে ধরা পড়ল সন্ত্রাসী

গ্রেপ্তার শাকিল, ঘটনার সিসিটিভি ফুটেজ

দেশের শীর্ষ চাল ব্যবসায়ী ও বাংলাদেশ অটো মেজর হাসকিং মিল মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদের বাড়িতে গুলি করার ঘটনায় পুলিশ শাকিল (৪০) নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে। আজ বৃহস্পতিবার সকালে রাজবাড়ী জেলার সদর থানার খানখানাপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া শাকিল কুষ্টিয়া শহরের চর আমলা পাড়ার বাসিন্দা এবং কাজী আব্দুর সামাদের ছেলে। পুলিশ গুলির ঘটনায় ব্যবহৃত মোটর সাইকেলটিও জব্দ করেছে। 

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, ঘটনার সময়ের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ, মোটরসাইকেল শনাক্ত ও মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে শাকিলকে শনাক্ত করা হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে রাতভর অভিযান চালিয়ে রাজবাড়ী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

বুধবার দুপুরে মোটর সাইকেলে আসা হেলমেট পরা দুই সন্ত্রাসী কুষ্টিয়া শহরের কোর্টপাড়া এলাকার গোশালা রোডে অবস্থিত আব্দুর রশিদের বাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে কেউ হতাহত না হলেও সন্ত্রাসীদের ছোড়া গুলি তিন তলা বাড়িটির একটি জানালায় গিয়ে লাগে। এতে জালানার কাচ চুর্ন বিচুর্ন হয়ে যায়। গুলি করেই মুহূর্তেই ঘটনাস্থল ত্যাগ করে দুই সন্ত্রাসী। এ ঘটনায় আব্দুর রশিদ কুষ্টিয়া মডেল থানায় একটি মামলা দায়ের করেন। পরে ঘটনার তদন্ত করে পুলিশ শাকিলকে গ্রেপ্তার করে। ইতোমধ্যে সে গুলির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। তবে গুলির ঘটনায় ব্যবহৃত অস্ত্রটি এখনও উদ্ধার করতে পারেনি পুলিশ। 

আব্দুর রশিদের ভাতিজা কুষ্টিয়া জেলা যুবদলের সাবেক শিল্প বিষয়ক সম্পাদক ও গোল্ডেন অটো রাইস মিলের মালিক শিল্পপতি জিহাদুজ্জামান জিকু বলেন, কিছুদিন আগে তিনি কুষ্টিয়ার আইলচারা পশুর হাটের ইজারাদার হিসেবে হাটের ডাক পান। এই হাটের জন্য শিডিউল না ফেলতে তাকে চরমপন্থিরা হুমকি দিয়ে আসছিল।  কিন্তু তিনি হুমকি উপেক্ষা করে শিডিউল ফেলেন এবং এক কোটি ৬৪ লাখ টাকায় হাটের ইজারাদার নিযুক্ত হন। এরপরই চরমপন্থী নেতা স্বপন চক্রবর্তী ও পল্টু ফোন করে তার কাছে এক কোটি টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে রাজি না হওয়ায় বুধবার দুপুরে তার চাচার বাড়িতে গুলি করা হয়েছে। তাকেও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।



সম্পর্কিত খবর