নরসিংদীর পলাশে রাতের আঁধারে এক সৌদি প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ঘরের দরজার তালা ও আলমারি ভেঙে নগদ ৭ লাখ টাকা এবং ১৭ ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
সোমবার (১৯ অক্টোবর) রাতে উপজেলার জিনারদী ইউনিয়নের পারুলিয়া গ্রামে সৌদি প্রবাসী কাওছার মিয়ার বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবারের সদস্য ও প্রবাসীর স্ত্রী নূর বেগম জানান, দুই দিন আগে সন্তানদের নিয়ে বাবার বাড়িতে বেড়াতে যান তিনি। যাওয়ার আগে ঘরের দরজায় তালা লাগিয়ে গিয়েছিলেন। মঙ্গলবার সকালে তাঁর শ্বশুর ফোন করে বাড়িতে চুরির বিষযটি জানান। খবর পেয়ে দ্রুত বাড়িতে ফিরে এসে দরজার তালা ভাঙা দেখতে পান।
পরে ঘরের ভেতরে গিয়ে দেখেন, দুটি কক্ষের আলমারি ভাঙচুর করা হয়েছে। সেখান থেকে নগদ ৭ লাখ টাকা ও প্রায় ১৭ ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
এদিকে চুরির খবর পেয়ে পলাশ থানা-পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।
পলাশ থানার উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক জানান, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রবাসীর বাড়িতে এমন দুর্ধর্ষ চুরির ঘটনায় স্থানীয় অধিবাসীদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।