বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশের পাসপোর্টে ইসরায়েল ব্যতীত সকল রাষ্ট্রগমনের যে নির্দেশনা ছিল, সেটি আওয়ামী লীগ প্রত্যাহার করে নিয়েছিল। তার মানে দাঁড়ায়, তারা ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল। এ সময় তিনি ইসরায়েলের সমস্ত পণ্য বর্জনের ঘোষণা দেন।
মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার রাজু ভাস্কর্যের সামনে ছাত্রদল কর্তৃক আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে এসব কথা বলেন সালাহউদ্দিন আহমদ। গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান হত্যাকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনার প্রতিবাদে এ বিক্ষোভের আয়োজন করা হয়।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আওয়ামী লীগ একদিকে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল, অপরদিকে বাংলাদেশ ও সারা পৃথিবীর মুসলমানদের পক্ষে মায়াকান্নাও কাঁদতো তারা।
বিএনপির এই নেতা বলেন, শেখ হাসিনা আজ যেখানেই আশ্রয় নিন না কেন, বাংলাদেশের মানুষ সারাজীবন আওয়ামী, ফ্যাসিবাদী, মুসলিমবিদ্বেষী, আলেমবিদ্বেষী, ইসলামবিদ্বেষীদের ধিক্কার জানিয়েই যাবে। কারণ আওয়ামী লীগ ইসরায়েলপন্থিদের সমর্থক ছিল।
ইসরায়েলের সমস্ত পণ্য আমরা বর্জন করবো জানিয়ে বিএনপির এই নেতা বলেন, গতকাল বাংলাদেশে কিছু স্থাপনায় হামলা হয়েছে। আমরা তার নিন্দা জানাই।
ফিলিস্তিনি জনগণের ওপর ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে খুব শিগগিরই সারা বিএনপি কেন্দ্রীয়ভাবে একটি বৃহৎ কর্মসূচির আয়োজন করবে বলে জানান সালাহউদ্দিন আহমদ।
বায়ান্ন/আরএইচ/পিএইচ