বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–র যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, "আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ত্যাগী, ক্লিন ইমেজের, জনবান্ধব নেতারা বিএনপির মনোনয়নে অগ্রাধিকার পাবেন।"
শনিবার (২১ জুন) নরসিংদী শিশু একাডেমি মিলনায়তনে জেলা বিএনপির ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “যারা বিগত সময়ে আন্দোলন-সংগ্রামে সক্রিয় থেকেছেন, দলীয় নির্দেশনায় জনগণের পাশে ছিলেন — তারাই মনোনয়নে অগ্রাধিকার পাবেন।" একইসাথে তিনি সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, “নিজেদের মধ্যে কোনো দ্বন্দ্ব রাখা যাবে না। তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী দলকে ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে নিতে হবে।”
সভায় তিনি হুঁশিয়ার করে বলেন, “দলকে যারা ব্যক্তি স্বার্থে ব্যবহার করেছেন বা করছেন, তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে। নিজেদের যেন নিজেরা প্রতিপক্ষ না হয়ে যাই, সে দিকেও খেয়াল রাখতে হবে।”
তিনি আরও বলেন, “পলাতক স্বৈরাচারের দোসররা যাতে কোনো ষড়যন্ত্র করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।”
অনুষ্ঠানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী সভা পরিচালনা করেন। সভায় আরও বক্তব্য রাখেন—
জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সরদার সাখাওয়াত হোসেন বকুল কেন্দ্রীয় সহ-মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক লে. কর্নেল (অব.) জয়নাল আবেদীন সহ-আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ইকবাল হোসেন সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদের ভূইয়া জুয়েল কেন্দ্রীয় নেতা ইকবাল হাসান শ্যামল ও আশরাফ উদ্দিন বকুল সহসভাপতি আব্দুল বাছেদ, এম এ জলিল, ফারুক উদ্দিন ভূইয়া, গোলাম কবির কামাল, হারুন অর রশিদ যুগ্ম সম্পাদক মহসিন হোসাইন বিদ্যুৎ কোষাধ্যক্ষ রাশেদুল হাসান রিন্টু প্রমুখ।
উল্লেখ্য, গত ৫ জুন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত ১৫১ সদস্যের নরসিংদী জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়।