চোট কাটিয়ে মাঠে ফিরেই নিজের চেনা রূপে ধরা দিলেন ইন্টার মিলান অধিনায়ক লাউতারো মার্তিনেজ। গত রাতে ঘরের মাঠ সান সিরোতে সিরি আ-এর ম্যাচে জেনোয়াকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে নেরাজ্জুরিরা।
দলের এই বড় জয়ে একটি গোল করার পাশাপাশি সতীর্থকে দিয়ে আরো একটি গোল করিয়েছেন আর্জেন্টাইন এই তারকা ফরোয়ার্ড।
গত অক্টোবরে ঊরুর চোটে পড়ার পর সিরি আ-তে এটিই ছিল লাউতারোর প্রথম শুরুর একাদশে ফেরা। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকা ইন্টারকে প্রথম সাফল্য এনে দেন তিনি।
২৯তম মিনিটে প্রতিপক্ষের ডি-বক্সের ভেতর থেকে ডান পায়ের নিখুঁত এক নিচু শটে বল জালে জড়ান ইন্টার অধিনায়ক।
গোল করার পরই দুহাত প্রসারিত করে টাচলাইনের দিকে ছুটে যান তিনি এবং আক্রমণভাগের সঙ্গী মার্কাস থুরামের সাথে আবেগঘন উদযাপনে মেতে ওঠেন।
প্রথম গোলের রেশ কাটতে না কাটতেই ব্যবধান দ্বিগুণ করে ইন্টার। ৪০তম মিনিটে লাউতারোর বাড়ানো নিখুঁত পাস থেকেই জেনোয়ার জাল কাঁপান ফরাসি ফরোয়ার্ড মার্কাস থুরাম। প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টি থেকে পেতার সুচিচ গোল করলে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা।