অস্থিরতা কাটিয়ে আবার কর্মচঞ্চল হয়ে উঠেছে ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়া। কাজে যোগ দিয়ে পুরোদমে উৎপাদন শুরু করেছেন পোশাক শ্রমিকরা। রোববার (২৯ নভেম্বর) কয়েক দিনের কর্মবিরতি, সড়ক অবরোধ আর সংঘর্ষের পর সকাল থেকে আশুলিয়ার চিত্রটা একেবারেই ভিন্ন। বাইপাইল, জামগড়া, জিরাবো, নরসিংহপুর, কাঠগড়া,জিরানি , নয়ারহাট ও নিশ্চিন্তপুর - সব এলাকায় সকাল থেকেই শ্রমিকদের ঢল। গলায় আইডি কার্ড, হাতে খাবারের বাটি নিয়ে দলে দলে কারখানায় ঢুকছেন তারা।
কারখানার ভেতরে চলছে পুরোদমে কাটিং, সুইং আর ফিনিশিং। গত কয়েক দিনের উৎপাদন ঘাটতি পুষিয়ে নিতে ছুটির দিনেও অনেক কারখানা খোলা রেখেছেন মালিকরা। শ্রমিকরা বলছেন, তারা কাজ চান, শান্তি চান। নতুন মজুরি ১৭ হাজার টাকা ঘোষণার পর এখন দ্রুত গেজেট প্রকাশের অপেক্ষায় তারা। কারখানা মালিকরা বলছেন, শ্রমিকরা ফিরে আসায় শিপমেন্টের চাপ সামলানো যাবে। বিদেশি ক্রেতাদের আস্থাও ফিরে আসবে।
শিল্প পুলিশ-১এর পুলিশ সুপার মো. মমিনুল ইসলাম ভূঁইয়া জানিয়েছেন, শিল্পাঞ্চলের পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে ও শান্ত রয়েছে। গুরুত্বপূর্ণ মোড়ে এখনো সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ, এসআরবি ও বিজিবি সদস্যরা। সব মিলিয়ে, অস্থিরতা পেছনে ফেলে আবার উৎপাদনের ছন্দে ফিরেছে আশুলিয়া।