টপ নিউজ

এনসিপি প্রতীক না নিলে ইসি নিজের মতো সিদ্ধান্ত নেবে

আগামী ১৯ অক্টোবরের মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বিধিমালার প্রতীকের তালিকা থেকে পছন্দের প্রতীক না জানালে কমিশন নিজের মতো করে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। মঙ্গলবার (১৪ অক্টোবর) নির্বাচন ভবনে সাংবাদিকদের কাছে তিনি এমন মন্তব্য করেন।

ইসি সচিব বলেন, ১৯ তারিখের মধ্যে তাদের বিকল্প প্রতীক জানাতে হবে। নয়ত ইসি স্বীয় বিবেচনায় সিদ্ধান্ত নেবে। কমিশন মনে করে, শাপলা প্রতীক হিসেবে অন্তর্ভুক্ত করার দরকার নেই। আখতার আহমেদ বলেন, গণভোটের বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে। সে অনুযায়ী কাজ করবে ইসি। উল্লেখ্য, এর আগে বিধিমালার ৫০টি প্রতীক থেকে নিজেদের প্রতীক বাছাই করতে এনসিপিকে চিঠি দেয় ইসি। তবে এনসিপি বলছে, তারা শাপলা ছাড়া অন্য কোনো প্রতীকে নিবন্ধন নেবে না।

এদিকে : তিনি নিশ্চিত করেন, আগামী ২০ অক্টোবর সেনা, নৌ, বিমান বাহিনীসহ অন্যান্য বাহিনীর সঙ্গে নির্বাচন কমিশনের আলোচনা হবে। নির্বাচনের প্রস্তুতি জোরেশোরে চলছে বলেও জানান তিনি।

তিনি বলেন, নির্বাচনের জন্য প্রয়োজনীয় সব সরঞ্জাম কেনাকাটা প্রায় শেষ হয়েছে। পাশাপাশি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য অন্যান্য প্রস্তুতিও নেওয়া হচ্ছে। এছাড়া বর্তমানে ১১টি দেশে প্রবাসীদের নিবন্ধন কার্যক্রম চালু আছে। আরও ৮টি দেশে এই কার্যক্রম শুরুর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সচিব বলেন, রাজনৈতিক দলের নিবন্ধনের বিষয়ে মাঠ পর্যায়ের তথ্য নেওয়া হচ্ছে। আগামী সপ্তাহের মধ্যে এই বিষয়ে সমাধান করা সম্ভব হবে এবং গণভোটের বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে, সেই অনুযায়ী ইসি কাজ করবে। এছাড়া স্থানীয় পর্যবেক্ষকদের নিবন্ধনের বিষয়ে আরও বেশি যাচাই-বাছাই করা হচ্ছে। নিবন্ধন দেওয়ার আগে স্থানীয় পর্যবেক্ষকদের সম্পর্কে আরো যাচাই-বাছাই করা হচ্ছে এবং পত্রিকার নিউজও আমলে নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

 

 



সম্পর্কিত খবর