বরিশাল

বাউফলে খাল থেকে হাত-পা বাঁধা অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

পটুয়াখালীর বাউফল পৌরসভার বাংলাবাজার খাল থেকে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশের কপালে ধারালো অস্ত্রের কোপের চিহ্ন, পেট কাটা ও নাড়িভুঁড়ি বের হওয়া অবস্থায় পাওয়া গেছে। লাশটি যাতে ভেসে না ওঠে, সেজন্য শরীরের বিভিন্ন স্থানে ইট বেঁধে ডুবিয়ে রাখা হয়েছিল। এ ঘটনায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শুক্রবার দুপুরে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাংলাবাজার সংলগ্ন মসজিদ ঘাট এলাকায় খালে লাশটি ভাসতে দেখেন স্থানীয়রা। খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক জনতা ও সাংবাদিকরা ভিড় জমান।

স্থানীয়দের ধারণা, ৮ থেকে ১০ দিন আগে ওই ব্যক্তিকে হত্যা করা হয়ে থাকতে পারে। লাশটি পচে যাওয়ায় এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে বাউফল থানা পুলিশ বিকেল ৫টার দিকে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

লাশ উদ্ধারে সহায়তাকারী স্থানীয় করিম জানান, নিহতের পরনে গোলাপি রঙের গেঞ্জি ও লুঙ্গি ছিল। তাঁর হাত-পা রশি দিয়ে বাঁধা এবং গলা, কোমর ও দুই পায়ে মোট ১৬টি ইট বাঁধা ছিল। কপালে কোপের চিহ্ন এবং পেট কাটা অবস্থায় ছিল।

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, “এখন পর্যন্ত লাশের পরিচয় শনাক্ত করা যায়নি। এ ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগও করেননি। লাশটি ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”



সম্পর্কিত খবর