দেশের খবর

কুলাউড়া সীমান্তে বাংলাদেশীকে কুপিয়ে হত্যা

মৌলভীবাজারে কুলাউড়া সীমান্তবর্তী এলাকায় এক বাংলাদেশী আহাদ আলীকে কুপিয়ে হত্যা করেছে ভারতীয়রা।

রোববার (২৬ জানুয়ারি) দুপুরে কর্মধা ইউনিয়নের দশটেকি (নতুন বস্তি) এওলাছড়া নামক স্থানে ঘটনাটি ঘটে।

জানা যায়, দুপুরে জায়গা সংক্রান্ত বিষয়ে ভারতীয় কয়েকজনের সাথে কথা কাটাকাটি হয় বাংলাদেশী বাসিন্দা আহাদ আলীর। এক পর্যায়ে ভারতীয় নাগরিক হায়দার আলী ও তার সহযোগীরা আন্তর্জাতিক সীমানা রেখার ৫ গজ ভেতরে ঢুকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে আহাদ আলী(৪৫)কে। পরে রক্তাক্ত অবস্থায় আহাদ আলী উদ্ধার করে স্থানীয়রা। কুলাউড়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি হলে সিলেট ওসমানি হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নিয়ে গেলে সেখানে আহাদের মৃত্যু হয়।

সীমান্তবর্তী এলাকা শিকড়িয়া গ্রামের ইউপি সদস্য শাহীন আহমদ জানান, ভারতীয় নাগরিক ঘাতক হায়দার আলীর সাথে নিহত আহাদের পারিবারিক সম্পর্ক রয়েছে। তবে জায়গা নিয়ে কোন ধরনের সমস্যা রয়েছে তাদের তা স্পষ্ট নয়। ১০৮৩ এর ৩৪ এস এর ৫ গজ বাংলাদেশের ভেতরে এ ঘটনা ঘটে। এ হত্যা কান্ডের ঘটনায় বাংলাদেশের পক্ষে বিএসএফের কাছে  প্রতিবাদ করেছে বিজিবি।

কুলাউড়া থানার ওসি মো. গোলাম আপছার জানান, বিকেল ৪টায় সিলেট ওসমানি হাসপাতালে তিনি মারা যান বলে শুনেছি । নিহতের লাশ মর্গে রয়েছে, এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ



সম্পর্কিত খবর