খাগড়াছড়ির পানছড়ি উপজেলার সর্বসাধারণের যাতায়াতের একমাত্র সড়কটির দ্রুত পূর্ণ সংস্কারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন এলাকাবাসীসহ বিভিন্ন সংগঠন।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে উপজেলার বিভিন্ন সংগঠনের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন- খাগড়াছড়ি সরকারি কলেজের শিক্ষক ইউসুফ আদনান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এডভোকেট জসিম উদ্দিন মজুমদার, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম রাজু, জেলা ছাত্রদলের সভাপতি শাহেদ হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মনির হোসেন, পানছড়ি বাজার কমিটির সাধারণ সম্পাদক আবুল কাশেম।
আরও বক্তব্য রাখেন- মাহিন্দ্র ও সিএনজি চালক সমবায় সমিতির সভাপতি এবং স্থানীয় সুশীল সমাজের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, খাগড়াছড়ি-পানছড়ি যাতায়াতের একমাত্র সড়কটি চলাচলের অযোগ্য হয়ে গেছে অনেক আগেই। ফলে যান চলাচলে ব্যাপক সমস্যা সৃষ্টি হচ্ছে। সড়কে বড়বড় গর্তের সৃষ্টি হলেও প্রতিদিন শতশত যানবাহন চলাচল করছে জীবনের ঝুঁকি নিয়ে। আর প্রতিনিয়ত দুর্ভোগ পোহাচ্ছে জীবনের তাগিতে ঝুঁকি নিয়ে চলা উপজেলার হাজারো মানুষ।
বক্তব্য আরও বলেন, সড়কের বেহাল অবস্থার চিত্র বিভিন্ন সংবাদমাধ্যমে তুলে ধরা হলেও যথাযথ কর্তৃপক্ষ কোন ব্যবস্থা গ্রহন করেনি।
এসময় বক্তারা দ্রুত সময়ের মধ্যে সড়কটি সংস্কারের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। অন্যথায় উপজেলার সর্বস্তরের জনসাধারণকে সাথে নিয়ে ঘেরাওসহ কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে সড়ক উপদেষ্টার কাছে এই স্মারকলিপি প্রদান করা হয়।
বায়ান্ন/প্রতিনিধি/একে