দেশের খবর

গাজীপুরে ভ্রান্ত মতবাদ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

 

 সমাজে বিভ্রান্তিকর মতবাদ ও ঈমান বিধ্বংসী অপতৎপরতা রোধে আলেম-ওলামা, ধর্মীয় শিক্ষক ও সচেতন মহলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।  শনিবার বিকেল ৩ টার দিকে মহানগরীর জয়দেবপুরের বঙ্গ তাজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত “ফিরাকে বাতেলার অপতৎপরতা রোধে আমাদের করণীয়” শীর্ষক আলোচনা সভায় বক্তারা এ আহ্বান জানান।

 

সম্মিলিত ওলামা পরিষদ গাজীপুরের উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন কাপাসিয়ার দেওনা পীর ও অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক ও বিএনপি নেতা মো. শওকত হোসেন সরকার। জামিয়া ইসলামিয়া গাজীপুরের মুহতামিম মাওলানা হাবিবুর রহমান মিয়াজী এবং গাজীপুর জেলা হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রচার সম্পাদক মাওলানা মোখলেছুর রহমান যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন। 

 

শুরুতে স্বাগত বক্তব্য দেন মাওলানা ফজলুর রহমান।

আলোচনা সভায় বক্তব্য দেন গাজীপুরের বিশিষ্ট আলেমদের মধ্যে মাওলানা আশেকে মুস্তফা, মুফতি লেহাজ উদ্দিন ভূঁইয়া, মুফতি মাসউদুল করিম, মুফতি আতাউর রহমান, মাওলানা আব্দুর রহিম আল-মাদানী, মুফতি রিজওয়ান রফিকী, মাওলানা মুখলেছুর রহমান, মাওলানা সোলাইমান ও মাওলানা মিনহাজুর রহমান প্রমুখ।

 

এসময় বক্তারা বলেন, সমাজে বিভিন্ন বিভ্রান্তিকর মতবাদ ও ধর্মীয় বিশ্বাস বিরোধী কর্মকাণ্ড সাধারণ মানুষের আকিদা-বিশ্বাসে বিভ্রান্তি সৃষ্টি করছে। বিশেষ ভাবে হিযবুত তাওহীদ, আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশ (কাদিয়ানী) এবং বিভিন্ন খ্রিস্টান মিশনারি কার্যক্রম নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তারা। আলেমরা বলেন, ধর্মীয় মূল্যবোধ রক্ষা, সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং যুবসমাজকে বিভ্রান্তি থেকে সুরক্ষিত রাখতে উলামায়ে কেরাম ও সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগ গ্রহণ করতে হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বিভ্রান্তিকর ও ঈমানবিধ্বংসী কার্যক্রম প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বক্তারা। তারা আরও বলেন, সমাজে শান্তি, সম্প্রীতি ও সঠিক দ্বীনি শিক্ষার প্রসারে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

 

সভা শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

 



সম্পর্কিত খবর