দেশের খবর

চট্টগ্রামে পৃথক অভিযানে ৮ ছিনতাইকারি গ্রেপ্তার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বায়েজিদ বোস্তামী থানা এলাকায় ছিনতাইকারিদের উপদ্রব আশঙ্কাজনকহারে বৃদ্ধি পেয়েছে। ইতিমধ্যে থানার বিভিন্ন এলাকায় ছিনতাইয়ের ঘটনায় নড়েচড়ে বসেছে পুলিশ।

গত এক সপ্তাহের ব্যবধানে পৃথক অভিযান পরিচালনা করে ছোরা এবং ছিনতাইয়ের সরঞ্জামাদি উদ্ধারসহ আটজন পেশাদার ছিনতাইকারিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। এতে করে জনমনে অনেকটা স্বস্তি ফিরে এসেছে।

জানা গেছে, শুক্রবার ভোর রাতে বায়েজিদ থানা পুলিশ থানার চা বোর্ড এলাকায় সাড়াশি অভিযান পরিচালনা করে ছিনতাই ও ডাকাতির প্রস্তুতিকালে পাঁচজনকে গ্রেপ্তার করেছে। এসময় তাদের কাছ থেকে ছোরা উদ্ধার এবং ছিনতাই ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি অটোরিকশা (সিএনজি) চট্টগ্রাম-থ-১২-০২৬৬ জব্দ করা হয়।

গ্রেপ্তাররা হলেন-মো. জীবন (২২),  মো. আলাউদ্দিন (৩৩),  মো. হাসান (২১),  মো. রাফসান আহম্মদ প্রকাশ বুলবুল (২০) এবং  মো. সেলিম (২২)।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে ডাকাতির উপকরণ হিসেবে ১টি স্টিলের তৈরী সেভেন গিয়ার ছোরা, ১টি স্টিলের  ছোরা ১টি স্টিলের তৈরী ছোরা, ১টি কাঠের বাটযুক্ত লোহার তৈরী ছোরা ও চারটি বিভিন্ন সাইজের লোহার রড উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বায়েজিদ থানার উপ-পরিদর্শক (এসআই, নিরস্ত্র) সুমন বড়ুয়া শাপলা সঙ্গীয় ফোর্সসহ শুক্রবার  ভোর রাত পৌনে চারটার দিকে বায়েজিদ বোস্তামী থানাধীন চা বোর্ডের বিপরীতে রাস্তায় ডাকাতির প্রস্তুতিকালে পাঁচজনকে গ্রেপ্তার করেছে।

এ প্রসঙ্গে জানতে চাওয়া হলে, উপ-পরিদর্শক (এসআই, নিরস্ত্র) সুমন বড়ুয়া শাপলা জানান, গোপন সংবাদের ভিত্তিতে এবং থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমানের দিকনির্দেশনায় তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আটককৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে উল্লেখ করে তিনি ওসির নেতৃত্বে ছিনতাই-ডাকাতিসহ সব ধরণের অপরাধরোধে পুলিশ মাঠে সক্রিয় রয়েছে বলে জানান।

এর আগে গত ১৬ জানুয়ারি থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে বায়েজিদ বোস্তামী থানা পুলিশ। গ্রেপ্তাররা হলেন, মো. কাইয়ুম, মো. সুমন ও মো. রফিকুল ইসলাম সুমন। তাদের বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।

বায়েজিদ থানা পুলিশ জানায়, গ্রেপ্তার আসামিরা পেশাদার ছিনতাইকারী। তারা বায়েজিদ বোস্তামী থানা এলাকার বিভিন্ন পয়েন্টে যাত্রীদেরকে ছোরার ভয়ভীতি দেখিয়ে মূল্যবান জিনিসপত্রসহ টাকা পয়সা ছিনতাই করে আসছিল।

বায়েজিদ বোস্তামী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করে এ সংক্রান্তে বায়েজিদ বোস্তামী থানায় পৃথক মামলা রুজু পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান।

 

বায়ান্ন/এসএ



সম্পর্কিত খবর