দেশের খবর

চট্টগ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে প্রাণ গেল দুজনের

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার বলুয়ার দিঘী এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডে দুই জনের  মর্মান্তিক মৃত্যু হয়েছে। খবর পেয়ে দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

সোমবার ভোর ৬টা ৪০ মিনিটের দিকে বলুয়ারদীঘির পশ্চিম পাড়ের জাফর সওদাগর কলোনিতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনে ওই কলোনীর ৫টি কক্ষ ভস্মিভূত হয়।

ফায়ার সার্ভিস জানায়, ভোর ৬টা ৪০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। তাৎক্ষনিকভাবে খবর পেয়ে চন্দনপুরা ও নন্দনকানন স্টেশনের ৪টি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের সহকারী পরিচালক আব্দুল মালেক বলেন, ঘটনাস্থল থেকে ৫ জনকে আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তীতে দুইজনের মৃত্যুর সংবাদ পেয়েছি।

তিনি বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। এতে ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি ও ৩৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।

চমেক হাসপাতাল সূত্রে জানা যায়, আগুনের ধোঁয়ায় দম বন্ধ হয়ে মারা যান মো. ইলিয়াছ (৫০) ও পারভিন আক্তার (৪৫)। এছাড়া মো. ফয়সাল (১৯), মো. সোহান (১৯) ও শাহীনা আক্তারকে (২৩) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে।  

বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ



সম্পর্কিত খবর