চট্টগ্রাম টিচার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত এস কে এস মেধাবৃত্তি পরীক্ষা ২০২৪-এ উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) নগরীর বায়েজিদ থানাধীন ওয়াজেদিয়া এলাকার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে শত শত শিক্ষার্থী ও তাদের অভিভাবক উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম নগরীর ৬৫টি বেসরকারি স্কুলের প্রায় ২০০০ শিক্ষার্থী এই মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষায় উত্তীর্ণ ৩০০ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ প্রফেসর এ কে ফজলুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম ড্রাইডক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার এইচ এ শফিক উল্লাহ। বিশেষ আলোচক ছিলেন এটিএন নিউজের চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান ও হেড অব নিউজ এস এম আকাশ। এছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একে খান গ্রুপের সিইও আলহাজ্ব একেএম মাহমুদুর রহমান।
সংগঠনের সভাপতি শেখ জসিম উদ্দিনের সভাপতিত্বে এবং গার্ডেন ভিউ ন্যাশনাল একাডেমির ব্যবস্থাপনা পরিচালক মুকিম বিল্লাহর প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সহ-সভাপতি হারিছ মিয়া, নাসরিন সুলতানা, মো: শফিকুল ইসলাম, মোজাম্মেল হোসাইন ও প্রিয়াঙ্কা চৌধুরী। এছাড়া সাধারণ সম্পাদক আব্বাস উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক রাশেদা নূর, অর্থ সম্পাদক রুস্তম আলী, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হাসানসহ এসোসিয়েশনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-অভিভাবকরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বক্তারা তাদের বক্তব্যে শিক্ষার্থীদের উৎসাহিত করে বলেন, মেধা বিকাশে কেবল পাঠ্যপুস্তকের গণ্ডিতে আটকে থাকা যাবে না; পাশাপাশি নৈতিক শিক্ষার চর্চাও জরুরি। তারা আরও বলেন, এ ধরনের সংবর্ধনা অনুষ্ঠান শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও আগ্রহ বাড়ায়, যা ভবিষ্যতে তাদের সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাবে।
পুরো আয়োজনটি ছিল প্রাণবন্ত ও শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণাদায়ী এক স্মরণীয় মুহূর্ত।
বায়ান্ন/আরএস