আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নওগাঁর রাণীনগরে ৫০টি পূজা মণ্ডপে ৬০০ কেজি করে সরকারি চাল অনুদান ও দুটি করে গাছ দেওয়া হয়েছে। পাশাপাশি স্থানীয় এমপির পক্ষ থেকে প্রতিটি পূজামণ্ডপের পুরোহিতকে ধুতি উপহার দেওয়া হয়।
মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভার আয়োজন করে। সভায় এসব অনুদান ও উপহার তুলে দেন প্রধান অতিথি নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের এমপি এস এম রেজাউল ইসলাম রেজু।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসানের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এমপি এস এম রেজাউল ইসলাম রেজু।
অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, নয়ন খান লুলু, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক বিকাশ চন্দ্র প্রামাণিক, রাণীনগর থানার ওসি মো. জাকারিয়া মণ্ডল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নজরুল ইসলাম প্রমুখ।
এছাড়া সভায় উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ এবং প্রতিটি পূজামণ্ডপের সভাপতি ও সম্পাদকরা উপস্থিত ছিলেন।