রাজনীতি

জুলাই বিপ্লবে শহীদ এবং আহত সাড়ে আটশত পরিবারের পাশে দাঁড়াবে জিয়াউর রহমান ফাউন্ডেশন

জুলাই-আগস্ট বিপ্লবের শহীদ ও আহতদের পরিবারের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)। বিপ্লবে আত্মত্যাগ করা অকুতোভয় ছাত্রদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং আহতদের সহায়তা করতে ফাউন্ডেশন বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।

রোববার (১৬ মার্চ) দুপুরে জাতীয় প্রেসক্লাবে আবদুস সালাম হলে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান সংগঠনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জুলাই বিপ্লবে শহীদ এবং আহতদের সরকারের দেওয়া তালিকা সাড়ে আটশত পরিবারের তথ্য সংগ্রহ করা হচ্ছে। এসব পরিবারকে ঈদ সামগ্রিক দেওয়া হবে।

ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, আহতদের উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকদের একটি বিশেষ দল কাজ করে যাচ্ছে এবং এই সহযোগিতা অব্যাহত থাকবে। যাঁরা চোখের দৃষ্টিশক্তি হারিয়েছেন বা গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন, তাঁদের চিকিৎসা নিশ্চিত করতে ফাউন্ডেশন সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।  

তারা জানান, পবিত্র রমজান মাসে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে শহীদদের পরিবারের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে ফাউন্ডেশন। সংগঠনের প্রেসিডেন্ট তারেক রহমানের নির্দেশনায় শহীদ পরিবারের তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং আগামী ১৮ মার্চ থেকে তাঁদের মাঝে ঈদ উপহার বিতরণ শুরু হবে।  

তারা আরও জানান, একটি অরাজনৈতিক সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে জিয়াউর রহমান ফাউন্ডেশন সবসময় দুর্যোগ ও সংকটে মানুষের পাশে দাঁড়িয়েছে। সম্প্রতি ফেনীতে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও চিকিৎসা সহায়তা দিয়েছে সংগঠনটি। এছাড়া, অতীতেও বিভিন্ন দুর্যোগে ফাউন্ডেশন দুর্গতদের সহায়তা করেছে।  

সংবাদ সম্মেলনে ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও যেকোনো বিপদে-আপদে সাধারণ মানুষের পাশে দাঁড়াবে জিয়াউর রহমান ফাউন্ডেশন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেডআরএফ এর পরিচালক ও ঈদ সামগ্রিক বিতরণ আয়োজনের সদস্য সচিব ডা. মোস্তফা আজিজ সুমন, পরিচালক প্রফেসর মোর্শেদ হাসান খান, ডা. সৈয়দা তাজনিন ওয়ারিস সিমকী, ডা. শাহ মো. আমান উল্লাহ, ডা.আবুল হাসনাত মো. শামীম, ডা. শেখ মনিরুদ্দিন জুয়েল, আমিরুল ইসলাম কাগজী, সাঈদ খানসহ আরও অনেকে।

বায়ান্ন/আরএইচ/একে



সম্পর্কিত খবর