ঢাকা

টাঙ্গাইলের ৮ আসনে ২৮ প্রার্থীর মনোনয়ন বাতিল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের আটটি সংসদীয় আসনে দাখিল করা ৬৫টি মনোনয়নপত্রের মধ্যে ২৮টি বাতিল ঘোষণা করা হয়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ে শুক্রবার ও শনিবার দুই দিনব্যাপী যাচাই-বাছাই শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

 

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, টাঙ্গাইলের আটটি আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র মোট ৬৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। যাচাই-বাছাই শেষে বিভিন্ন ত্রুটি ও প্রয়োজনীয় শর্ত পূরণ না করায় ২৮ জনের প্রার্থিতা বাতিল হয়। এর মধ্যে গত শুক্রবার চারটি আসনের ৯ জন এবং আজ শনিবার বাকি চারটি আসনের ১৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

 

শনিবার সকালে টাঙ্গাইল-৫ (সদর) আসনে ৫ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। তারা হলেন— গণসংহতি আন্দোলনের ফাতেমা আক্তার, খেলাফতে মজলিসের হাসনাত আল আমিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের জাকির হোসেন, বাংলাদেশ সুপ্রিম পার্টির হাসরত খান ভাসানী ও স্বতন্ত্র প্রার্থী ছানোয়ার হোসেন। এছাড়া টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে ৫ জন, টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে ৩ জন এবং টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে ৬ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।

 

এর আগে শুক্রবার টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে ৩ জন, টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে ১ জন, টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে ২ জন এবং টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে ৩ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়।

 

জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তাজুল ইসলাম জানান, মনোনয়ন বাতিলের প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে— এক শতাংশ ভোটারের স্বাক্ষরে ত্রুটি, আয়-ব্যয়ের সত্যায়িত অনুলিপি জমা না দেওয়া, সর্বশেষ আয়কর রিটার্ন দাখিল না করা এবং সরকারি চাকরি থেকে অবসর পরবর্তী নির্ধারিত সময় পূর্ণ না হওয়া।



সম্পর্কিত খবর