ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার করে প্রশংসায় ভাসছেন ভিটিবিশাড়া জায়েদ আলী যাদব ব্যাপারী ফাউন্ডেশনের চেয়ারম্যান ওবায়েদুল্লাহ অবিদ। তার নিজ এলাকা ভিটিবিশাড়া নয়াপাড়া বায়তুন নূর জামে মসজিদ সংলগ্ন মূল সড়ক থেকে দামলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পাকা সড়ক পর্যন্ত ১ হাজার ২শত মিটার কাঁচা রাস্তা দীর্ঘদিন অবহেলা ও সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। তাছাড়া রাস্তাটির দুই পাশে ঝোপঝাড়ের আড়ালে শিয়াল, বিষাক্ত সাপের উৎপাতে দিনে দুপুরে কেউ এই রাস্তা দিয়ে যাতায়াত করতে ভয় পেতো। ফলে জনবহুল এই রাস্তাটি দিয়ে প্রতিদিনই যাতায়াত করা আশপাশের ৩-৪ গ্রামের হাজারো মানুষসহ স্থানীয় স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়ে। স্থানীয়রা এই কাঁচা রাস্তাটি সংস্কার বা পাকাকরণের জন্য বিভিন্ন মাধ্যমে সরকারের বিভিন্ন দপ্তরে বারবার ধরনা দিয়েও কোন কাজ হয়নি। অবশেষে জনদুর্ভোগ নিরসনে সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে রাস্তাটি সংস্কার করে চলাচলের উপযোগী করে দিলেন ওবায়েদুল্লাহ অবিদ। রাস্তাটি সংস্কারের ফলে দীর্ঘদিন পর স্থানীয়রা এ রাস্তা দিয়ে নির্বিঘ্নে চলাচল করতে পেরে ওবায়েদুল্লাহ অবিদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন এতদিন এ রাস্তা দিয়ে চলাচল করতে আমাদের খুব কষ্ট হতো। ছেলেমেয়েদের স্কুল, মাদরাসায় আসা যাওয়া করতে বেশ অসুবিধা হতো। সবার কষ্টের কথা চিন্তা করে ওবায়দুল্লাহ অবিদ রাস্তাটি সংস্কার করে দিচ্ছেন। তার অর্থায়নে মাত্র ০৩দিনে শতাধিক শ্রমিকদের বিরামহীনভাবে চালিয়ে যাওয়া উন্নয়ন কর্মযজ্ঞে নিত্যকার দুর্ভোগ দূরীকরণের মাধ্যমে দৃষ্টিনন্দিত সড়কে রুপান্তরিত হওয়ার ফলে আমরা এলাকাবাসী আনন্দিত এবং এখন এই সড়কের সুফল ভোগ করবে আশপাশের কয়েক গ্রামের হাজারো মানুষ। আমরা ওবায়েদুল্লাহ অবিদের এমন মহান উদ্যোগকে স্বাগত জানাই পাশাপাশি সরকারের কাছেও রাস্তাটি স্থায়ীভাবে পাকা করে দেওয়ার জন্য আহবান জানাচ্ছি।
এব্যাপারে ফাউন্ডেশনের চেয়ারম্যান ওবায়েদুল্লাহ অবিদ বলেন, আমি অতীতেও এলাকার মানুষের পাশে ছিলাম। দূর প্রবাসে থেকেও এলাকার মানুষের জন্য কিছু করতে পারলে মনে প্রশান্তি পাই। তাই বেহাল এই রাস্তাটির কথা শুনে তাৎক্ষণিকভাবে আমি আমার নিজস্ব অর্থায়নে রাস্তাটি সংস্কার করে দিয়েছি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেনো আমৃত্য মানুষের কল্যাণে এবং এলাকার উন্নয়নে নিজের সর্বোচ্চ দিয়ে কাজ করতে পারি। এছাড়া তিনিও সরকারের কাছে জনদুর্ভোগ নিরসনে রাস্তাটি স্থায়ীভাবে পাকা কিংবা ঢালাই করে দেওয়ার জন্য আহবান জানান।