নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে রক্তক্ষয়ী ঘটনা ঘটেছে।
শনিবার (৭ ডিসেম্বর) ভোরে উপজেলার মেথিকান্দা এলাকায় দেশীয় অস্ত্র ও গুলি বিনিময়ের এই সংঘর্ষে এক নারীসহ দুজন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন।
নিহতরা হলেন চান্দেরকান্দি ইউনিয়নের বর্তমান ইউপি সদস্য মানিক মিয়া (৫০) এবং একই ইউনিয়নের সাবেক সদস্য কল্পনা বেগম (৩৫)। তাঁরা উভয়েই স্থানীয় প্রভাবশালী নেতা আবিদ হাসান রুবেলের সমর্থক ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর থেকেই মেথিকান্দা এলাকায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। এক পর্যায়ে গোলাবারুদ ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ শুরু হয়। এ সময় প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মানিক মিয়া ও কল্পনা বেগম মারা যান।
সংঘর্ষের খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
জোড়া হত্যাকাণ্ডের পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। স্থানীয়রা বলছেন, এ ধরনের সহিংসতা এলাকায় দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চলে আসছে।
নরসিংদীর পুলিশ সুপার আব্দুল হান্নান বলেন, "আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছি। বর্তমানে এলাকায় পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছেন।"
এই সংঘর্ষ নিয়ে স্থানীয় বাসিন্দারা শঙ্কিত হলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হওয়ার আশা করা হচ্ছে।
বায়ান্ন/এসএ