নরসিংদীতে শিল্পখাতে সম্ভাবনাময় উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি ও স্বাবলম্বী করার লক্ষ্যে শুরু হয়েছে ৫ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ। রোববার (২২ জুন) সকালে বিসিক জেলা কার্যালয়ের একটি কক্ষে প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক), নরসিংদী জেলা কার্যালয়ের আয়োজনে এই প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।
আয়োজকরা জানান, জেলার বিভিন্ন উপজেলার ২৫ জন উদীয়মান ও সম্ভাবনাময় উদ্যোক্তাকে নিয়ে এই প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করা হচ্ছে। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের উদ্যোক্তার গুণাবলী, প্রজেক্ট প্রোফাইল তৈরি, ব্যাংক লোন প্রাপ্তি, সরকারি সুযোগ-সুবিধা গ্রহণের পদ্ধতি এবং ব্যবসায়িক পরিকল্পনা সম্পর্কে হাতে-কলমে ধারণা দেয়া হচ্ছে।
প্রশিক্ষণে মূল প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন বিসিকের সহকারী মহাব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) জহিরুল ইসলাম খান। এছাড়া আরও প্রশিক্ষণ প্রদান করছেন সম্প্রসারণ কর্মকর্তা ইমরান, শিল্পনগরী কর্মকর্তা মো. আশিকুল ইসলাম, প্রমোশন কর্মকর্তা নূর মোহাম্মদ এবং নরসিংদী কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপক মো. মাইনুর রহমান।
বিসিকের সহকারী মহাব্যবস্থাপক জহিরুল ইসলাম খান বলেন,
> "এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারী উদ্যোক্তারা স্বাবলম্বিতা অর্জনের কৌশল রপ্ত করবে এবং আর্থিক প্রতিষ্ঠান থেকে কিভাবে সঠিকভাবে ঋণ গ্রহণ করতে হয় তা শিখবে। এছাড়া ব্যবসা পরিচালনার জন্য প্রয়োজনীয় দক্ষতা ও জ্ঞানের পরিধি বৃদ্ধি পাবে।"