নরসিংদীর রায়পুরা উপজেলায় জাহিদুল ইসলাম জুয়েল (৩৫) নামে পুলিশের চাকরিচ্যুত এক সদস্যকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২৫ জুন) দুপুরে উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের দাইরেরপাড় এলাকার একটি কাঠবাগান থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে রায়পুরা থানা পুলিশ।
নিহত জুয়েল বাঁশগাড়ী ইউনিয়নের দিঘলীয়াকান্দি এলাকার অবসরপ্রাপ্ত সেনা সদস্য নুরুল ইসলামের ছেলে। একসময় তিনি বাংলাদেশ পুলিশে কর্মরত ছিলেন। তবে, তিনি চাকরিচ্যুত হন বলে জানা গেছে।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ জানান, “নিহতের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থলে রক্তের দাগ ও হত্যার আলামত মিলেছে। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। আমরা গুরুত্বসহ তদন্ত করছি।”
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সকাল সাড়ে ৯টার দিকে চান্দেরকান্দি ইউনিয়নের দাইরেরপাড় ব্রিজ সংলগ্ন একটি কাঠবাগানে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের কোনো একসময় দুর্বৃত্তরা জুয়েলকে হত্যা করে মরদেহ সেখানে ফেলে রেখে যায়। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও দায়ীদের শনাক্তে কাজ শুরু করেছে পুলিশ।
এদিকে, ঘটনার পর থেকে এলাকায় চরম আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবার বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
পুলিশ জানায়, হত্যার পেছনে ব্যক্তিগত শত্রুতা, পুরনো কোনো বিরোধ অথবা অন্য কোনো অপরাধমূলক সংযোগ রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।