নিখোজের ৫৪ ঘন্টা পর গণ অধিকার পরিষদের অঙ্গ সংগঠন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা রবিউল আউয়াল অন্তর (৩০) কে উদ্ধার করেছে পুলিশ। গত রোববার সকাল সাড়ে ছয়টায় ঢাকার কামরাঙ্গীর চর এলাকার আশ্রাফাবাদ নবীনগর এলাকার একটি বসত ঘর থেকে তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখালীর পুলিশ সুপার মো: আনোয়ার জাহিদ। নিখোঁজ অন্তর ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির মুক্তিযোদ্ধা ও স্বাধীনতা বিষয়ক সহ-সম্পাদক। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লোন্দা গ্রামের স্থায়ী বাসিন্দা। গত বৃহস্পতিবার(৬ ফেব্রুয়ারি) মধ্যরাতে কলাপাড়া পৌর শহরের নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন তিনি।
রোববার বিকেল সাড়ে পাঁচটায় পুলিশ সুপারের অফিসের কনফারেন্স রুমে জেলা পুলিশ সুপার মো: আনোয়ার জাহিদ সাংবাদিকদের জানান, ঘটনার দিন রাতে কলাপাড়া-পটুয়াখালী সড়কের রজপাড়া মাদ্রাসা সংলগ্ন সড়ক থেকে পার্কিং করা অবস্থায় তার ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করেছিলো পুলিশ। এ ঘটনায় গত শুক্রবার অন্তরের বড় ভাই তুষার আল মামুন পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের ৬ কর্মকর্তার নাম উল্লেখ করে থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। অন্তর দীর্ঘদিন পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে ক্ষতিগ্রস্ত মানুষের ক্ষতিপুরন আদায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের চাকরিসহ আট দফা দাবি আদায়ে আন্দোলন করে আসছিলেন।
পুলিশ সুপার জানান, ঘটনার পর পরই তিনিসহ তার একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেন। অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কল সাজেদুল ইসলামের নেতৃত্বে একটি চৌকস টিম তথ্য প্রযুক্তির সহয়তায় তদন্তে নেমে পড়েন। অন্তর ঢাকায় অবস্থান করছে নিশ্চিত হওয়ার পর ঢাকা মেট্রো পলিটন পুলিশের সহয়তায় তাঁকে আজ উদ্ধার করে পটুয়াখালী জেলা পুলিশ।
পুলিশ সুপার জানান, উদ্ধারের পর অন্তার জানিয়েছে তাকে একটি প্রাইভেট গাড়িতে করে কে বা কারা তুলে নিয়ে যায় এবং ভাঙ্গা নামক স্থানে ফেলে রেখে যায়। ভাঙ্গা থেকে সে ঢাকার একটি বাসে করে ঢাকায় পৌছে বঙ্গভবনের আশপাশ এলাকায় নামেন। সেখানে নেমে তিনি তার এক বন্ধু যার বাড়ি কলাপাড়া জনৈক আল আমীনকে ফোন করেন। আল আমীনের সহয়তায় তিনি কামরাঙ্গীর চর এলাকার আশ্রাফাবাদ নবীনগর এলাকায় আল আমীনের আরেক বন্ধুর বাসায় থাকার ব্যবস্থা করেন। সাংবাদিকদের প্রশ্নে পুলিশ সুপার জানান কোন প্রতিষ্ঠানকে হয়রানি করতে অপহরনের নাটক সাজানো হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। তদন্তের স্বার্থ এ মুহুর্ত আর কোন মন্তব্য করতে রাজী হননি পুলিশ সুপার।
বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ