জাতীয় যুব দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে পঞ্চগড়ে মশার বংশবৃদ্ধি রোধে মশক নিধন অভিযান পরিচালনা করেছে যুব উন্নয়ন অধিদপ্তর।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে পঞ্চগড় যুব উন্নয়ন অধিদপ্তর চত্বর ও সংলগ্ন সড়কের আশপাশের ঝোপঝাড় পরিষ্কার করে এ অভিযান চালানো হয়। একই সঙ্গে জলাবদ্ধ স্থান ও নর্দমায় ব্লিচিং পাউডার ছিটানো হয়।
অভিযান পরিচালনাকালে যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা সড়ক ও অফিস প্রাঙ্গণের অপরিচ্ছন্ন স্থানগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করেন।
এ বিষয়ে পঞ্চগড় যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক কে এম আব্দুল মতিন জানান, এডিস মশার কামড়ে ডেঙ্গু ও ম্যালরিয়াসহ বিভিন্ন মশাবাহিত রোগ ছড়াচ্ছে। এসব রোগজীবাণু প্রতিরোধ ও মশার বংশবৃদ্ধি রোধে অফিসের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে নিয়ে আশপাশের প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে এবং নর্দমা ও জলাশয়ে ব্লিচিং পাউডার ছিটানো হয়েছে।
অভিযানে যুব উন্নয়ন অধিদপ্তরের ডেপুটি কো-অর্ডিনেটর আশরাফ সিদ্দিক, বিভিন্ন ট্রেডের ইনস্ট্রাক্টর, প্রশিক্ষণার্থী এবং অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।